সিরাজগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-আরিচা মহাসড়কে যাত্রীবাহী কোচের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে আট জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী।
উপজেলার আইগবাড়ী পারকোলা এলাকায় মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এ সময় প্রায় আধাঘন্টা ওই মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
নিহতরা সবাই ধানকাটা শ্রমিক ও নসিমনের যাত্রী। তারা সাঁথিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন- রাঙামাটি গ্রামের সাইদুল ইসলাম, আজিজুল হক, কালুগ্রামের আব্দুল মোমিন, সোনতাহ গ্রামের রবিউল ইসলাম, নন্দনপুর গ্রামের আক্কাস আলী ও সরবপুর গ্রামের ফারুক হোসেন। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।
শাহাজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনার সাথিয়া থেকে ২৯ জন যাত্রী নিয়ে নছিমনটি সিরাজগঞ্জের তাড়াশে যাচ্ছিল। পারকোলা এলাকায় বিপরীতমুখী একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে তা উল্টে পাশের খাদে পড়ে যায়।
আট যাত্রী ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে শাহজাদপুরের পোতাজিয়া ও বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
বিকালে শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেন্ডেট (এএসপি) মেহেদী হাসান, থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান ও পৌর মেয়র নজরুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৯২০ ঘ.
bdnews24