ঝিনাইদহ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়া এলাকার একটি বাসা থেকে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মৃত আবু বক্কর (৩৫) নতুন কোর্টপাড়ায় ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে আবু বক্করের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের জননাঙ্গ ও শরীরের নিচের অংশে জখমের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, আবু বক্করের গলায় মাফলার পেচিয়ে ফাঁস দিয়ে ঘরের ভেতর চৌকির ওপর বসা অবস্থায় পাওয়া যায়। লাশের জিব বের হয়ে আছে বলে এতে আত্মহত্যার লক্ষণও দেখা যাচ্ছে।
ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলে মন্তব্য করেন পুলিশ সুপার রেজাউল।
তিনি আরো জানান, বকর ও তার স্ত্রী ফাহিমা খাতুনের মধ্যে দাম্পত্য কলহ ছিলো। ৭-৮ মাস আগে ফাহিমা বাবার বাড়ী কোরাপাড়া গ্রামে চলে যায়। বিষয়টি নিয়ে সালিশ মধ্যস্থতা চলছিলো। মঙ্গলবারও সালিশের কথা ছিলো।
আবু বকর ও ফাহিমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৫০ ঘ.
bdnews24