ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তহবিল স্থানান্তরসহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ১৯৯৭ সালেই ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছিলেন ব্যাংকের তখনকার মহাব্যবস্থাপক খন্দকার মোজাম্মেল হক।
২০০০ সালের ১ জানুয়ারি আরেকটি চিঠিতে আবারো এসব সমস্যার কথা মনে করিয়ে দিয়ে প্রতিকার চেয়েছিলেন তিনি। ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ওই চিঠিতে।
খন্দকার মোজাম্মেল হক বর্তমানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ড. ইউনূসকে লেখা তার সেই চিঠি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদেনর সঙ্গে যুক্ত করা হয়েছে।
সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দেওয়া ওই প্রতিবেদনের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
চিঠিতে মোজাম্মেল হক বলেছিলেন, ক্ষমতা ও দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে ইউনূসের অপারগতা গ্রামীণ ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
তিনি এটাও মনে করিয়ে দেন যে, গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে যেভাবে বিপুল পরিমাণ অর্থ 'সরিয়ে ফেলা হয়েছে' তার কোনো আইনগত ভিত্তি নেই এবং যে কোনো নতুন ব্যবস্থাপনা পরিচালক এই চুক্তির আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলবেন।
১১ বছর আগে লেখা ওই চিঠিতে গ্রামীণ ব্যাংকের ঋণ আদায় কমে যাওয়া, কর্মীদের হতাশা ও আস্থাহীনতা, পদোন্নতি নিয়ে অব্যবস্থাপনা, গ্রামীণ ব্যাংকের নিরপেক্ষাতা নিয়ে প্রশ্ন এবং ইউনূসের অবসর প্রসঙ্গে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন মোজাম্মেল।
পর্যালোচনা কমিটির প্রতিবেদনের সঙ্গে যুক্ত মোজাম্মেল হকের ওই চিঠি হুবহু প্রকাশ করা হলো-
তারিখ: ১লা-জানুয়ারী-২০
প্রাপক:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যবস্থাপনা পরিচালক
গ্রামীণ ব্যাংক
প্রেরক:
খন্দকার মোজাম্মেল হক
মহাব্যবস্থাপক
গ্রামীণ ব্যাংক
জনাব
বিগত ৬ ই জুলাই, ১৯৯৭ সনে আপনাকে আমি একটি মেমোর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সংকটের কথা অবহিত করেছিলাম (কপি সংযুক্ত)। উক্ত মেমোতে নিম্নলিখিত মন্তব্য করেছিলাম। "Your recent decision to officially allow loan adjustments at the borrower level will have adverse on the financial sustainability of the Bank. The repayment rate will look good for about eighteen months and all of a sudden, the deteriorating repayment problem would resurface at a much higher level. If that happens the bank will not be able to meet its internal and external financial obligations i.e staff salaries, pension benefits or external debt servicing amounting to about US Dollars 100 million, which is guaranteed by the Bangladesh government."
আমি আশা করেছিলাম যে মেমোতে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনি আপনার সিনিয়র সহকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করে গ্রামীণ ব্যাংককে বিদ্যমান সংকট থেকে উত্তরণের পদক্ষেপ নেবেন। দুঃখের বিষয় যে আপনি তা করেননি। কারণ ব্যাংকের এত সংকটের মধ্যেও আপনি মাসে গড়ে ১২দিন অর্থাৎ বছরে প্রায় ১৩০ দিন দেশেই থাকেন না। নভেম্বর' ৯৯ তে আপনার পক্ষে মাত্র ৩ দিন ব্যাংকে আসা সম্ভব হয়েছে। ক্ষমতা এবং দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে আপনার অপারগতা গ্রামীণ ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। যেহেতু আপনার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও কার্যত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। তার কারণ আপনি ইতিমধ্যেই ব্যাংক ব্যবস্থাপনার Chain of command এর ভারসাম্য নষ্ট করেছেন এবং নিষ্ক্রিয় করে দিয়েছেন। উপরন্তু আপনি বছরে ৪ মাস যেসব উদ্দেশ্যে বিদেশ সফর করেছেন তাতে আপনার ব্যক্তিগত লাভ ও প্রচার বাড়ছে, কিন্তু ব্যাংকের কোন লাভ হচ্ছে না বরং ব্যাপক ক্ষতি হচ্ছে। আপনার খ্যাতি ও প্রতিপত্তি এমন এক পর্যায়ে এসেছে যে আপনি কোন প্রকার জবাবদিহিতার অনেক উপরে অবস্থান করছেন। জুলাই' ৯৭ এর মেমোতে আমি যেসব সংকটের কথা উল্লেখ করেছিলাম সেসব সংকট আরো ঘনীভূত হয়েছে যার কারণে বর্তমানে গ্রামীণ ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্মুখীন।
নভেম্বর' ৯৯ তে আদায়যোগ্য ঋণের পরিমাণ ১৩৮২ কোটি টাকা। সাধারণ (২০% সকল ঋণ) ১০৮২ কোটি এবং গৃহ ৩০০ কোটি। সাধারণ ঋণের মেয়াদ উত্তীর্ণ ঋণের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।
পাঁচ বছর পূর্ণ হয়েছে অথচ গৃহ ঋণের অর্ধেক টাকা পরিশোধও হয়নি এমন ঋণীর সংখ্যা ২৮০০০ এবং টাকার পরিমাণ ২৬ কোটি।
১০ বছর পূর্ণ হয়েছে অথচ পূর্ণ পরিশোধ করেননি এমন ঋণির সংখ্যা প্রায় ৭ হাজার এবং টাকার পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লক্ষ।
গত ১১ মাসে আদায়যোগ্য ঋণ হ্রাস পেয়েছে প্রায় ১৭৫ কোটি টাকা। এর ফলে ২৭ কোটি টাকা আয় কম হবে। প্যাকেজ কর্মসূচীর আওতায় বিশেষ করে সেপ্টেম্বর' ৯৭ আগস্ট' ৯৯ সময়ের মধ্যে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ঋণীর নিকট হতে প্রায় ৫৪ কোটি টাকা আদায় করে প্রায় ২ লক্ষ ৭০ হাজার ঋণীর কাছে প্রায় ১৩৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
১৯৯৮ সালে ব্যাংকের আয় ২২৭ কোটি টাকা এবং ব্যায় ২১৭ কোটি। ১৯৯৯ সালে ব্যাংকের আয় ব্যায় ব্যায় যথাক্রমে ২৪১ এবং ২৪২ কোটি টাকা।
১৯৯৯ সালে প্রভিশন কম দেখিয়ে (২০% এর স্থলে ৪০% এবং পেনশন খাতে ৬০% এর স্থলে ৩০%) লোকসান এড়ানো হয়েছে।
১৯৯৫ সালে গ্রামীণ ব্যাংকের আর্থিক এবং প্রশাসনিক ব্যবস্থার চরম অবনতির যে বহিঃপ্রকাশ ঘটেছিল, অদ্যাবধি সে অবস্থার কোন উন্নতি বাস্তবে সম্ভব হয়নি, বরং কোন কোন ক্ষেত্রে তা বিস্তার ঘটে জটিল আকার নিয়েছে।
ঋণ সমন্বয় প্রসঙ্গে
আমরা সকলেই অবগত আছি যে ১৯৯৩-৯৪ সনে অর্থনৈতিক শৃঙ্খলার প্রতি লক্ষ্য না রেখে লাগামহীনভাবে আপনার সরাসরি উৎসাহ ও নির্দেশে ঋণ বিতরণ করা হয়েছে।
আমাদের প্রকৃত ঋণ আদায়ের হার বর্তমানে ৬৫% এর বেশী নয়। অর্থাৎ ১০০ টাকা বিনিয়োগ করে যেখানে আমাদের ১২০ টাকা পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি মাত্র ৬৫ টাকা। আমাদের ২০% এর সকল ঋণের স্থিতি বর্তমানে ১০০০ কোটি টাকা। এর মধ্যে মেয়াদউত্তীর্ণ ঋণের পরিমাণ প্রায় ২৭০ কোটি টাকা এবং আগামী ৩ মাসে আরো ৩০ থেকে ৪০ কোটি টাকা মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দেড় লক্ষ সদস্য ৩৮ সপ্তাহের মধ্যে অর্ধেক পরিমাণ ঋণও পরিশোধ করতে পারেননি।
বর্তমানে ব্যাংকে অনাদায়ী সুদের পরিমাণ ১৭০ কোটি টাকা (যা কিনা আয় হিসেবে আমরা আগেই দেখিয়ে দিয়েছি)। এবং এই বছরের ৩১ ডিসেম্বর এ বার্ষিক সুদ চার্জ করার পরে অনাদায়ী সুদের পরিমান ২১০ কোটি টাকা অতিক্রম করার আশংকা আছে।
বর্তমানে ব্যাংকের দায় দেনার পরিমান ১১০০ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক দেনার পরিমাণ প্রায় ৫০০ কেটি টাকা, যা ২% হারে আগামী ১০ বছরে ডলারের মূল্যমানে পরিশোধ করতে হবে। আর প্রায় ৫০০ কোটি টাকা দেশীয় বিভিন্ন সংস্থাকে পরিশোধ করতে হবে আগামী ১ থেকে ৫ বছরের মধ্যে, যার সুদের হার গড়ে ৮%।
এছাড়া উল্লেখ্য যে, গ্রামীণ ব্যাংক জন্ম লগ্ন থেকে অর্থাৎ ১৯৭৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত এই ১৫ বছরে যে পরিমাণ ঋণ বিতরণ করেছিল একমাত্র ১৯৯২ এবং ১৯৯৩ সালে দুই বছরেই প্রায় সে পরিমাণ ঋন বিতরণ করা হয়েছে; যার কারণ বিশ্লেষণ অবান্তর। আরো উল্লেখ্য, আপনি জুলাই ৯৮ তে এক সাক্ষাৎকারে অভিমত দেন, গ্রামীণ ব্যাংকের বয়স বেড়েছে এবং এটি একটি অদক্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে নতুন এবং সবল প্রতিষ্ঠানের সৃষ্টি হবে এবং তারা গ্রামীণ ব্যাংককে ছাড়িয়ে যাবে। এ ধরণের ভবিষ্যত বাণীতে আশার না ভীতির কথা বলা হয়েছে তা অষ্পষ্ট।
বিভিন্ন কারণে গ্রামীণ ব্যাংকের কর্মীরা এখন প্রচণ্ডভাবে হতাশা এবং আস্থাহীনতায় ভূগছেন। তারা নিজেদের ভবিষ্যত এবং নিরাপত্তা নিয়ে ভীষণভাবে উদগ্রীব এবং শংকিত।
ব্যাংকের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কর্মীরা অবহিত নয়। আমাদের বাৎসরিক বেতন, ভাতা ও বোনাস বাবদ ব্যায় বর্তমানে প্রায় ১১০ কোটি টাকা। গ্রামীণ ব্যাংকেরই বিগত ৫ বছরে আপনি যে সংকটের মুখে ঠেলে দিয়েছেন তা থেকে পরিত্রাণ পেতে হলে অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ ব্যাংক এবং অঙ্গ প্রতিষ্ঠান সমূহের সামগ্রিকভাবে কাঠামোর পূনঃবিন্যাস করতে হবে এবং এধরনের পূনঃবিন্যাস করার জন্য ব্যাংকের সকল পর্যায়ে আলোচনা ও মত বিনিময় করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ মাঠ পর্যায়ের সকল কর্মীরা এখনও পরিস্থিতির ভয়াবহতা সম্বন্ধে ভালভাবে অবহিত নন। তারা শুধু জানেন যে, ব্যাংকের সংকটের প্রধান কারণ লাগামহীনভাবে ঋণ বিতরণ করা হয়েছে, যে কোন মূল্যে ব্যাংকের আদায়ের হার ভাল দেখানোর জন্য এবং সহকর্মীরা সকলেই জানেন যে, অনিয়মের মাধ্যমে ঋণ পরিশোধের হার বাড়ানো হলে তার পরিনাম অত্যন্ত ভয়াবহ হয় এবং গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। অর্থনৈতিক শৃঙ্খলার প্রতি অবজ্ঞা করে কেন ঋণ পরিশোধের হার বাড়াতে হবে তার কোন সুষ্ঠু ব্যাখ্যা কোথাও থেকে পাওয়া যাচ্ছে না।
ব্যাংক কর্মীদের বর্তমান অবস্থান
১৯৯৭ সালে আনসার ভি,ডি,পি ব্যাংকে এবং ১৯৯৮ সালে কর্মসংস্থান ব্যাংকে যত কর্মকর্তা চাকুরীর জন্য আবেদন করেছেন (যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমসহ) তার ৯০ ভাগই গ্রামীণ ব্যাংকের কর্মী ছিল। এতজন কর্মী একসঙ্গে প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে চাচ্ছেন সে কারণে কর্তৃপক্ষ উদ্বিগ্ন নয় এবং এর কারণ গুলোও অনুসন্ধান করার প্রয়োজন বোধ করছেন না। এছাড়াও অনেকের ধারণা যদি বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসে তবে গ্রামীণ ব্যাংকের প্রায় ৭০ ভাগ কর্মী (যাদের চাকুরীর বয়স ১০ বৎসর পূর্ণ হয়েছে) প্রতিষ্ঠান ছেড়ে যাবে। স্মরণ করা প্রয়োজন ১৯৯০-৯১ সাল পর্যন্ত তুলনামূলকভাবে অনেকেই ভাল চাকুরীর প্রস্তাব পাওয়া সত্ত্বেও প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়নি বরং আসতে চাইতেন অনেকে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে আজ পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত, ভিন্ন চিত্র।
ব্যাংক ব্যবস্থাপনা ও পদোন্নতি প্রসঙ্গে
১৯৯৯ সালের মধ্যেই আমাদের মোটামুটিভাবে নির্ধারণ করা প্রয়োজন যে, ২০০৫ সালে ব্যাংকের ম্যানেজমেন্ট কাঠামো কি হবে? অর্থাৎ কোন পদে কতজন লোকের প্রয়োজন হবে? ২০০৫ সালে ব্যাংকের কাঠামো ২০০৩ সালে কি দাঁড়াবে সেজন্য প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। এবং সবাই জেনে যাবে যে, উচ্চতর পদ ও দায়িত্ব পাওয়ার সুযোগ কতখানি আছে এবং সে ভিত্তিতেই মোটামুটি সকলে মানসিক প্রস্তুতি নেবেন। বর্তমান ব্যবস্থাপনায় পদোন্নতির ব্যাপারেই হোক আর বদলীর ব্যাপারেই হোক কারো কোন প্রকার মানসিক প্রস্তুতি নেয়ার সময় ও সুুযোগ নেই, যার কারণে অহেতুকভাবে হতাশার সৃষ্টি হয়।
আমাদের আরো একটি সিদ্ধান্ত যে, কমপক্ষে ৩ বছর সফলভাবে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন না করতে পারলে অফিসার থেকে সিনিয়র অফিসারের পদোন্নতি দেয়া হবে না। এটা বাস্তবসম্মত নয়। প্রমোটি অফিসাররা ভবিষ্যতে শাখা পরিচালনার দায়িত্ব পাওয়ার প্রকৃতপক্ষে কোন সুযোগই পাবেন না। কারণ এখন প্রায় ১৭৫জন প্রিন্সিপাল অফিসার শাখার দায়িত্বে এবং সরাসরিভাবে নিয়োগপ্রাপ্ত এম.এ পাশ অফিসারদের বাদ দিয়ে পদোন্নতিপ্রাপ্ত অফিসারদেরকে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করার সুযোগ দেয়ারও কোন সুযোগ নেই। এক্ষেত্রে আমাদেরকে একটি সুনির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করে প্রতি বছর ব্যাংকের কাঠামো এবং প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে সীমিত সংখ্যক যোগ্য প্রার্থীদেরকে পদোন্নতি দিতে হবে। এ প্রস্তাবের সাথেও ২০০৫ সালের ব্যাংকের কাঠামো কি দাঁড়াবে তা ওতপ্রোতভাবে জড়িত।
বর্তমানে আমরা আমাদের চিন্তা এবং দর্শন থেকে বিভিন্ন কারণে দূরে সরে এসেছি। এটা বিশেষভাবে লক্ষ্য করা যায় গ্রামীণ ব্যাংকের প্রায় সবগুলো অঙ্গ প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের কর্মীদের দ্বারাই পরিচালিত হয়েছে এবং এক পর্যায়ে তাদেরকে ব্যাংকে ফিরিয়ে আনা হয়েছে। এটা সিনিয়র ম্যানেজমেন্ট এর বেলায়ই প্রযোজ্য। অবসরপ্রাপ্ত আমলাদের দ্বারা গ্রামীণ ব্যাংক সৃষ্ট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য ও আদর্শের বাস্তবায়ন সম্ভব নয়। তাছাড়া আপনি সবগুলো প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ চেয়ারম্যান (নির্বাহী সভাপতি) এর দায়িত্ব পালন করার ফলে গ্রামীণ ব্যাংক ত দূরের কথা অন্য সব প্রতিষ্ঠানকেও যে ধরণের সময় ও দৃষ্টি দেয়া প্রয়োজন তা দেয়া হচ্ছে না। যার ফলে Conflict of interest একটা বিশেষ আতংক ও অস্বস্থিকর ব্যাপারের উদ্ভব হয়েছে যা নিরসন করা অত্যন্ত প্রয়োজন। প্রাক্তন আমলাদেরকে বোর্ডের সভাপতি করা যেতে পারে কিন্তু প্রধান নির্বাহী করা ঠিক হবে না। বরং অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে গ্রামীণ সিনিয়র লেভেলের ম্যানেজমেন্ট থেকে ৩ বছর অথবা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ডেপুটেশনে যেতে পারেন এবং এমনভাবে পরিকল্পনা নিতে হবে যাবে যাতে প্রতি বছর এক তৃতীয়াংশ ফেরত আসবেন এবং নতুন ব্যাচ তাদের জায়গায় যাবেন। এতে করেই সিনিয়র ম্যানেজমেন্টদের বিভিন্ন ধরণের অভিজ্ঞতা ব্যংকের স্টাফ ডেভেলপমেন্ট কর্মসূচীর জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
সার্ভিস কলের অনিয়ম প্রসঙ্গে
বিগত ১০ বছরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন পলিসির কারণে অনেক ছেলে-মেয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। অধিকাংশেরই কোন মতামত ছাড়াই নির্বাহী ক্ষমতার বলে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে অনির্দিষ্ট সময়ের জন্য ডেপুটেশনে পাঠানো হয়েছে। বহুদিন অন্য প্রতিষ্ঠানে কাজ করার পর আবার বলা হয়েছে যে, গ্রামীণ ব্যাংক থেকে বহুদিন অনুপস্থিত থাকার কারণে তারা গ্রামীণ ব্যাংকে কাজ করার অনুপযুক্ত হয়ে পড়েছে। তাদেরকে আর ফিরিয়ে আনা যাবে না। এ নীতি অত্যন্ত অন্যায় ও মানবাধিকার লংঘনের শামিল।
অনেক সহকর্মীদেরকে আমরা ব্যাংকের স্বার্থে ও প্রয়োজনে দীর্ঘ ১২/১৪ বছর বদলী করিনি। এখন হঠাৎ সিদ্ধান্ত নেয়া হয়েছে বিশেষ করে প্রধান কার্যালয় থেকে সবাইকে বদলী করা হবে। এদের বেশীরভাগই মহিলা। যদি কোন ব্যক্তিকে দীর্ঘ ১০/১২/১৪ বছর বদলী না করা হয় তবে তার এবং তার পারিবারিক জীবন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবর্তিত হতে থাকে। ফলে হঠাৎ করেই ছয় মাসের নোটিশে তাদেরকে বদলী করা হলে অধিকাংশই চাকুরি ছেড়ে চলে যাবেন এবং তার বিশেষ ধরণের দক্ষতার সেবা থেকে ব্যাংক বঞ্চিত হবে। এসব ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোন প্রকার দীর্ঘ মেয়াদী কর্মী ব্যবস্থাপনা পরিকল্পনার অভাবে। উল্লেখিত কারণের জন্য যারা গ্রামীণ ব্যাংক ছাড়তে বাধ্য হবেন তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গ্রামীণ ব্যাংকের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমার ধারণা গ্রামীণ ব্যাংক অঙ্গ সংগঠনগুলোর জন্য নির্বিচারে বাইরে থেকে লোক নিয়োগ না করে এদেরকে সুযোগ দিরে এরা অপেক্ষাকৃত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন বলে আমার বিশ্বাস। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের সহকর্মীদের সেভাবেই গড়ে তুলেছি।
গ্রামীণ ব্যাংকের নিরপেক্ষাতা নিয়ে প্রশ্ন
এটা লক্ষ্যণীয় যে, ক্রমশঃই বাংলাদেশের একটি বিশেষ অঞ্চল/জেলার লোকজন গ্রামীণ ব্যাংক ও তার অঙ্গ প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও পরিচালনায় বিশেষ ভূমিকা রাখছেন। এদের অনেকের যোগ্যতা, নিরপেক্ষতা এবং আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গ্রামীণ ব্যাংক মে' ৯৭ তে গ্রামীণ কল্যাণের সাথে একটি চুক্তি সম্পাদিত করে যা ৩১ ডিসেম্বর ১৯৯৬ থেকে বলবৎ করা হয়। এই চুক্তির ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের মালিকগণ বিভিন্ন দাতা সংস্থা থেকে অনুদান হিসাবে প্রায় ৩৯০ কোটি টাকা পান, সমূদয় অর্থ গ্রামীণ ব্যাংকের একটি ঘুর্ণায়মান তহবিল (রিভলবিং ফাণ্ড) থেকে সদস্য/সদস্যদের ঋণ কর্মসূচীকে ক্রমাগতভাবে ব্যবহার করার লক্ষ্যেই মূলতঃ দেয়া হয়েছিল। এবং এক অর্থে এটাকে ব্যাংক ইকুইটি হিসাবে দেখানো হলে ব্যাংকের আর্থিক ভিত অনেক মজবুত দেখাবে। গ্রামীণ ব্যাংকের মালিকগন তাদের অনুদানে পাওয়া রিভলবিং ফাণ্ড প্রথম গ্রামীণ ব্যাংক সৃষ্ট একটি প্রতিষ্ঠানকে উপহার/দান হিসাবে দেয়। যে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে গ্রামীণ ব্যাংকের সদস্য/সদস্যাদের কোন প্রকার প্রতিনিধিত্ব নেই, এবং এই উপহার/দানের অর্থ আবার গ্রামীণ ব্যাংকের মালিকেরা উক্ত প্রতিষ্ঠান থেকে ধার নেয়। যদিও এ ধার পরিশোধের কোন সময়সীমা বা সুদের হারের কোন উল্লেখ নেই। এই ধরণের সিদ্ধান্ত নেয়ায় অনেকেই এখন প্রশ্ন করবেন যে গ্রামীণ ব্যাংকের প্রায় ২২ লক্ষ শেয়ার হোল্ডার আসলেই কি ব্যাংকের মালিক? নাকি জনগণ যেভাবে দেশের মালিক তারাও সেভাবে ব্যাংকের মালিক ? দাতা সংস্থা থেকে এভাবে কেন ধার নেয়া হলো এবং তা চুক্তির পরিপন্থি, এ বিষয়ৈ জানতে চাওয়া হলে গ্রামীণ ব্যাংকের প্রধান নির্বাহী হিসাবে আপনি দাতা সংস্থাকে জানিয়েছেন যে গ্রামীণ ব্যাংক এত বড় অংকের টাকা দক্ষতার সাথে ম্যানেজ করতে পারবে না। গ্রামীণ ব্যাংকের সৃষ্ট অঙ্গ প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ এটা দক্ষতার সাথে ম্যানেজ করতে পারবে। যদিও ব্যাখ্যা করা হয়নি যে, গ্রামীণ কল্যাণের কি ধরণের বাড়তি দক্ষতা আছে যেটা গ্রামীণ ব্যাংকের নেই।
১৯৯৮ সালে প্রথমবারের মত সরকার গ্রামীণ ব্যাংকে অডিট করার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়। বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে বলা হয় যে, গ্রামীণ ব্যাংক কেবলমাত্র ভূমিহীন ও বিত্তহীনদের আহরিত তহবিল থেকে ক্ষুদ্র ঋন বিতরণ করতে পারে। কিন্তু কোন অবস্থাতেই গ্রামীণ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করতে পারে না। কাজেই গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানসমূহকে ঋন প্রদান গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ এর ১৯নং ধারার লঙ্ঘন বলে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকজন সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে গোপন রাখা হয়েছে এবং খুব সম্ভবত গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদকেও এ অডিট রিপোর্ট সম্পর্কে অবহিত করা হয়নি।
উপরে বর্ণিত বিষয়সমূহের প্রেক্ষাপটে আগামী দেড় বছর আপনাকে একান্তভাবে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের প্রতি বিশেষভাবে দৃষ্টি ও সময় দিতে হবে। গ্রামীণ ব্যাংক সৃষ্ট অঙ্গ সংগঠনগুলো কিভাবে পরিচালিত হলে সামগ্রীক অর্থে গ্রামীণ ব্যাংকের সদস্যদের তথা দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এই প্রেক্ষিতে এটাও সুষ্পষ্টট হয়ে যাওয়া প্রয়োজন যে আপনি ব্যক্তি না পদাধিকারবলে চেয়ারম্যান হিসাবে ভূমিকা পালন করবেন যার উপর নির্ভর করছে সৃষ্ট সমস্যার সামাধান।
আপনার অবসর গ্রহণ প্রসঙ্গে
আপনার পক্ষে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে গ্রামীণ ব্যাংক থেকে অবসর নেয়া সম্ভব হবে না। কারণ ঃ
ক) গ্রামীণ ব্যাংক এখন প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে দারুণ সংকটের সম্মুখীন এবং এই সংকট থেকে উত্তরণের কোন ম্যাজিক ফর্মূলা নেই। এখন থেকে শক্ত হাতে হাল ধরলে ৩ থেকে ৫ বছরের মধ্যে ৫০ থেকে ৬০ সমস্যা থেকে উত্তরণ পাওয়া যেতে পারে।
খ) আপনার পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনে বিনিয়োগকৃত সুদে আসলে প্রায় ২ কোটি টাকা। আপনার পরিবারের পক্ষে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে পরিশোধ করা সম্ভব নাও হতে পারে। যদিও গ্রামীণ ব্যাংকের অধিকাংশ ছাপার কাজ অনেকের মধ্যে বাজার মূল্যের প্রায় ৪০% উর্ধ্ব ধরে কোন প্রকার টেন্ডার ছাড়া আপনাদের পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে দিয়ে ছাপানো হচ্ছে। অনেক ক্ষেত্রে ছাপার গুনগত মান গ্রহণযোগ্য পর্যায়ের নীচে থাকা সত্ত্বেও গ্রামীণ ব্যাংকে তা গ্রহণ করতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক কোন সময়েই প্যাকেজেস কর্পোরেশনের সাথে আপনার সম্পর্ক এর আর্থিক লেনদেন নিরীক্ষণ করলে আপনারও গ্রামীণ ব্যাংকের জন্য তা অত্যন্ত অস্বস্তিকর এবং লজ্জার ব্যাপার হবে।
গ) গ্রামীণ কল্যাণকে ৩৯০ কোটি টাকা উপহার দিয়ে আবার গ্রামীণ কল্যাণ থেকে সমপরিমাণ টাকা ঋণ হিসাবে দেখিয়ে গ্রামীণ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলা হয়েছে। যে কোন নতুন ব্যবস্থাপনা পরিচালক এই চুক্তির আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলবেন। কেননা এই লেনদেনের আইনগত কোন ভিত্তি নেই বললেই চলে।
পরিশেষে বিশ্বব্যাপী মাইক্রোক্রেডিটের প্রেক্ষাপটে গ্রামীণ ব্যাংক পতাকাবাহী জাহাজ। এই গুরুত্ব অনুধাবন করেই আমাদের বিশেষভাবে সচেষ্ট হতে হবে। নইলে মাইক্রো ক্রেডিটের কনসেপ্ট বিপন্ন ও পরিত্যাক্ত হলে তার জ্বলন্ত উদাহরণ হবে গ্রামীণ ব্যাংক, তা কারোরই কাম্য নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/০২২৭ ঘ.
bdnews24