ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে প্রায় সব ক্ষেত্রেই গ্রামীণ ব্যাংক আইন ভেঙেছে বলে প্রতিবেদনে মত দিয়েছে পর্যালোচনা কমিটি।
পর্যালোচনা কমিটি বলেছে, গ্রামীণ ব্যাংক 'পদ্ধতি-নিয়ম নির্ভর' না হয়ে 'ব্যক্তি-নির্ভর' প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।
গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনায় গঠিত কমিটি সরকারের কাছে সোমবার প্রতিবেদন জমা দিয়েছে।
গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।
ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পরবর্তীতে বিষয়টি দেশ বিদেশের গণমাধ্যমসহ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার এ কমিটি গঠন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মনোওয়ার উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকিয়া দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রাক্তন অধ্যাপক আর এম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ।
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের এ তদন্তের মধ্যেই এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপরিচালক নোবেলজয়ী ইউনূসকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে। তবে অব্যাহতির আদেশের বৈধতা নিয়ে তার একটি আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, "দেশব্যাপী ক্ষুদ্রঋণের বিস্তার, কার্য পরিধির ব্যাপকতায় গ্রামীণ ব্যাংক একটি বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত, ক্রয়-কার্য, পরিচালনা পর্ষদে পরিচালকদের ভূমিকা, গ্রামীণ ব্যাংকের বাইরে বিভিন্ন কোম্পানী/প্রতিষ্ঠান সৃষ্টি, তহবিলের ব্যবহার, আন্তঃকোম্পানী তহবিল স্থানান্তর ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রেই গ্রামীণ ব্যাংকে আইন ও নিয়ম-বিধি লঙ্ঘনের প্রবণতা লক্ষ্য করা যায়।"
পল্লী অঞ্চলের ভূমিহীনদের জামানতবিহীন ঋণসুবিধা দিয়ে তা আদায়ে গ্রামীণ ব্যাংক সফল বলেও উল্লেখ করেছে কমিটি।
এ কারণে 'গ্রামীণ ব্যাংকের কার্যপরিধি ও তার দারিদ্র নিরসনের প্রচেষ্টাকে কার্যকর করতে প্রথমে একটি জাতীয় নীতি প্রণয়নের' সুপারিশ করেছে পর্যালোচনা করেছে কমিটি।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, "এই নীতি প্রণয়নে ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী প্রতিষ্ঠানসমূহের গভর্ন্যান্স এর কথা মনে রাখতে হবে। প্রয়োজনীয় আইনী কাঠামো সংশোধন করার লক্ষ্যে এই নীতিমালা অনুসরণ করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২৩০৬ ঘ.
bdnews24