চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাই নড়েচড়ে বসছিলেন একটি জমজমাট ও উত্তেজনাকর লড়াই দেখবেন বলে। কিন্তু খেলা শুরুর মাত্র ৪৫ সেকেন্ডেই কুমিল্লার জসিম উদ্দিনকে কুপোকাত করে চ্যাম্পিয়ন হলেন টেকনাফের আলম বলী।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০২তম আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন টেকনাফের হোয়াখ্যং ইউনিয়নের বলী পরিবারের সন্তান আলম বলী।
চ্যাম্পিয়ন হবার অনুভূতি জানাতে গিয়ে আলম বলী (৪১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০ বছর ধরে খেলছি। বিজয়ী হবার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।"
পেশায় ব্যবসায়ী আলম বলেন, "এর আগে আমার বাবা, ভাই ও চাচারা বলি খেলতেন। তাদের সুনাম রক্ষা করতে পারায় আমি অত্যন্ত খুশি।"
সোমাবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা। এতে অংশ নেন ১৪ থেকে ৭২ বছর বয়সী ৬৮ জন বলী।
অন্যদিকে রানার্সআপ হয়েও খুশী মো. জসিম উদ্দিন (২৭)। তিনি কুমিল্লার উজিরপুরের মৃত জলফে আলীর ছেলে। কুমিল্লায় বিভিন্ন কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই প্রথম জব্বারের বলী খেলায় এসেছি। প্রথমবার হওয়াতে ঠিক বুঝে উঠতে পারি নি। আশা করি আগামীবার চ্যাম্পিয়ন হব।"
বিকাল ৪টা ২৫ মিনিটে শুরু হয় প্রথম রাউন্ডের খেলা। বলীরা যখন ঢোলের তালে নেচে নেচে মাঠে প্রবেশ করছিলেন তখন হাজারো দর্শকের করতালি আর আনন্দধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
প্রথম রাউন্ডে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নানা বয়সের মোট ৬৮ জন বলী। এবার বলী খেলায় বর্ষীয়ান বলি ছিলেন রাঙ্গুনিয়ার নুরুচ্ছফা (৭২) এবং সর্বকনিষ্ঠ সপ্তম শ্রেণীর ছাত্র এনামুল (১৪)।
বিকাল ৫টায় শুরু হয় চ্যালেঞ্জ রাউন্ডের খেলা।
এ রাউন্ডের প্রথম খেলায় কুমিল্লার জসিম উদ্দিন পরাজিত করেন উখিয়ার হোসেনকে। দ্বিতীয় খেলায় টেকনাফের আব্দুর রশিদকে পরাজিত করেন উখিয়ার কলিম উল্লাহ।
এরপর প্রথম সেমিফাইনালে কলিম উল্লাহকে পরাজিত করেন জসিম উদ্দিন। দ্বিতীয় সেমিফাইনালে মল্ল যুদ্ধে নামেন গতবার ফাইনাল খেলা দুই বলী আলম ও মিরসরাইয়ের লিয়াকত আলী। লিয়াকতকে এক মিনিটের মধ্যে কুপোকাত করে ফাইনালে ওঠেন আলম।
খেলা শেষে চ্যাম্পিয়ান আলম বলীর হাতে ট্রফি ও ১৫ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম। রানার্স আপ জসিমকে দেয়া হয় একটি ট্রফি ও ১০ হাজার টাকা।
বলি খেলায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম ও বাংলালিংকের রিজিওনাল কর্মাশিয়াল প্রধান ফরহাদ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, গিয়াস উদ্দিন, ইসমাইল বালি প্রমুখ।
১৯০৯ সালে নগরীর বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার সওদাগর সর্বপ্রথম প্রীতি কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সেই থেকে প্রতি বছর বাংলা সনের ১২ বৈশাখ জব্বারের বলী খেলার আয়োজন করা হচ্ছে।
বলী খেলাকে ঘিরে লালদীঘি ময়দানের চারপাশের এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয়েছে তিনদিনের বৈশাখী মেলা।
সব বয়সের মানুষ নিজেদের নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে আসেন চট্টগ্রামের সর্ববৃহৎ এই বৈশাখী মেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/২২২৪ ঘ.
bdnews24