পিরোজপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জমি নিয়ে বিরোধের জেরে সোমবার নাজিরপুর উপজেলার পাতিখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় একজন খুন হয়েছেন।
এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের জসিম খানের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেলোয়ার হোসেনের বিরোধ চলছিল।
শুক্রবার একজন আমিনের উপস্থিতিতে ওই জমির সীমানায় তারা দু'পক্ষ একটি খুঁটি পুঁতে দেয়।
কিন্তু সোমবার সকাল ৮টার দিকে দেলোয়ার লোকজন নিয়ে ওই খুঁটি তুলে নেন। খবর পেয়ে জসিম খান বাধা দিতে এলে দেলায়ারের লোকজন লোহার রড ও দা দিয়ে জসিম খানের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এর কিছুক্ষণ পর জসীম মারা যান।
নাজিরপুর থানার ওসি আব্দুল মালেক হাওলাদার বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হযেছে।
এরা হলেন- দেলোয়ার হোসেন, হাতেম আলী, আবুল, সিরাজুল, আব্দুল রব, বাবুল ও জহুরুল।
আটক সাতজনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24