২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দেন ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময় নিজের বিভিন্ন পরিচয় দেন বলে পর্যালোচনা কমিটির প্রতিবেদনে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময় নিজের বিভিন্ন পরিচয় দেন বলে পর্যালোচনা কমিটির প্রতিবেদনে জানানো হয়েছে। গ্রামীণ ব্যাংকের পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস একজন পাবলিক সার্ভেন্ট- এ কথা উল্লেখ করে কমিটির প্রতিবেদনে বলা হয়, কিন্তু তিনি গ্রামীণ সাইবারনেট লিঃ ও গ্রামীণ ব্যবসা বিকাশ এর সংঘ-স্মারক ও সংঘ-বিধিতে নিজের পেশা দেখিয়েছেন ব্যবসা।" "গ্রামীণ ট্রাস্ট এ পেশা উল্লেখ করেছেন অধ্যাপক, আবার গ্রামীণ উদ্যোগ এ নিজেকে ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ ব্যাংক হিসেবে উল্লেখ করেছেন। গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিঃ এর সংঘ-স্মারক ও সংঘ-বিধিতে তার ঠিকানা দেখিয়েছেন মেডিকেল কলেজ রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম (গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স এর ঠিকানা নয়)। " গ্রামীণ ব্যাংকের নারী পরিচালকদের পর্ষদ সভায় কোনো ভূমিকা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সোমবার অর্থমন্ত্রীকে প্রতিবেদন জমা দেয় কমিটি। গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পরবর্তীতে বিষয়টি দেশ বিদেশের গণমাধ্যমসহ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার এ কমিটি গঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মনোওয়ার উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকিয়া দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রাক্তন অধ্যাপক আর এম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের এ তদন্তের মধ্যেই এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপরিচালক নোবেলজয়ী ইউনূসকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে। তবে অব্যাহতির আদেশের বৈধতা নিয়ে তার একটি আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। প্রতিবেদনে বলা হয়েছে, "পরিচালকমণ্ডলীর বিভিন্ন সভার কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে, গ্রামীণ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সভায় আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়। অথচ, ড. মুহাম্মদ ইউনূস রিভিউ কমিটির কাছে বলেছেন, এগুলোর সাথে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নেই।" "কার্যবিবরণী থেকে আরো প্রতীয়মান হয় যে, গ্রামীণ ব্যাংকের নির্বাচিত মহিলা পরিচালকদের পর্ষদ সভায় কোন ভূমিকা নেই। লক্ষ্য করা যাচ্ছে যে, সরকার মনোনীত ৩ জন সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক সমস্ত কর্মকাণ্ডে জড়িত। সরকার মনোনীত সদস্যদের নিয়ে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়।" "প্রতীয়মান হয় যে, শেয়ারধারকদের মধ্য হতে নির্বাচিত মহিলা পরিচালকগণ কেবলমাত্র সভায় উপস্থিত থাকেন। গ্রামীণ ব্যাংক এর নীতি ও লক্ষ্যের সাথে সহযোগী অনেক প্রতিষ্ঠানেরই মিল নেই। বিষয়টি তাদের আলোচনার মধ্য থেকেই বোঝা যায়।" প্রতিবেদনে বলা হয়েছে, "গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৪(৪) ধারানুযায়ী ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ব্যাংকের পূর্ণকালীন প্রধান নির্বাহী। ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ব্যাংকের পর্ষদের অনুমোদন ব্যতিরেকেই ২০০৩ সাল পর্যন্ত গ্রামীণ পরিবারের অন্যান্য প্রতিষ্ঠানে চেয়ারম্যান/পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।" "৩০ সেপেটম্বর ২০০৩ তারিখে অনুষ্ঠিত পর্ষদ সভায় তাকে ২০টি প্রতিষ্ঠানের চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব পালনে কার্যোত্তর অনুমতি দেয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও ৩০টি প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের কমকর্তা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের অন্যান্য প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ব্যাপারেও ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নেই।" "গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী গ্রামীণ ব্যাংক কর্তৃক গ্রামীণ ফান্ড ও গ্রামীণ কল্যাণসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান গঠণ ক্ষমতা বর্হিভূত হওয়ায় গ্রামীণ ব্যাংকের পর্ষদ ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাকে এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান/পরিচালক পদে দায়িত্ব পালনেও অনুমতি প্রদান করতে পারে না। এতে আরও প্রতীয়মান হয় যে, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ এখতিয়ার বহির্ভূত কাজ করেছে।" প্রতিবেদনে বলা হয়েছে, "গ্রামীণ ব্যাংক এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২টি প্রতিষ্ঠান গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানী হিসেবে নিবন্ধিত। ব্যবস্থাপনা পরিচালকসহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কমকর্তা ব্যক্তিগতভাবে উক্ত প্রতিষ্ঠানসমূহ গঠনে গ্যারান্টি দিয়েছেন। "গ্রামীণ ব্যাংকের নিয়মিত কর্মকর্তা হওয়ায় ড. ইউনূসসহ অন্যান্য গ্যারান্টি প্রদানকারীগণ পরিচালনা পর্ষদের অনুমতি ব্যতীত নতুন প্রতিষ্ঠান গঠনে সংযুক্ত হওয়া ও গ্যারান্টি প্রদান করা তাদের এখতিয়ার বহির্ভূত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২০৪ ঘ.