চাঁদপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাকে লাঞ্ছিত করায় এক ছেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আজম এ রায় দেন বলে পুলিশ জানিয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার আনিসুর রহমান (৩৫) তার মাকে প্রায়ই মারধর ও নানাভাবে লাঞ্ছিত করতো।
রোববার বিকেলে মা সাহিদা বেগম এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ আনিসকে আটক করে থানায় নিয়ে আসে। সে সব অপরাধ স্বীকার করে।
ভ্রাম্যমাণ আদালত থানায় এসে আনিসকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৪৯ ঘ.
bdnews24