ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি অব্যাহত রয়েছে।
সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ অ্যামিকাস কিউরি টি এইচ খান, ব্যারিস্টার রফিক-উল-হক ও ড. এম জহিরের বক্তব্য গ্রহণ করে।
ব্যারিস্টার রফিক-উল-হক শুনানিতে বলেন, ফতোয়া হচ্ছে একটি অভিমত। মতামত দেওয়ার অধিকার সবার রয়েছে। তবে এর কোনো আইনগত কার্যকারিতা নেই।
তিনি আরও বলেন, তবে ফতোয়া দিয়ে কাউকে শাস্তি দেওয়া হলে তা হবে অবৈধ। সেক্ষেত্রে এর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
ব্যারিস্টার রফিক ফতোয়া অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় সঠিক নয় বলে মন্তব্য করেন।
এরপর শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় উদ্দেশ্যপ্রণোদিত। ফতোয়া থাকলে ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে এটা ঠিক নয়।
তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, ফতোয়ার জন্য কতোটা নির্যাতন হচ্ছে, আর যৌতুক ও নারী উত্ত্যক্তের (ইভ টিজিং) জন্য কতটা নির্যাতন হচ্ছে তা ভেবে দেখবেন।
টি এইচ খান আরও বলেন, সার্বিকভাবে ফতোয়া ভালো কি মন্দ এটা বলা ঠিক হবে না। তা হলে ভয়ংকর পরিণতি হবে। সমাজে আন্দোলন হবে।
ড. এম জহির শুনানিতে বলেন, শরিয়া আইনে সরাসরি ফতোয়া নেই। কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসেও ফতোয়া নেই। তবে ফতোয়া হচ্ছে পরামর্শ। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করে এমন ফতোয়া অনুমোদন করা উচিত নয়। সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, ফতোয়ার মাধ্যমে প্রত্যক্ষ, পরোক্ষভাবে কারো অধিকারে হস্তক্ষেপ করা যাবে না। মানুষের জীবনের অধিকারের ওপর হস্তক্ষেপ করা যাবে না। ফতোয়াকে অনুমোদন দেওয়া হলে ফলাফল ভয়াবহ হবে।
এর আগে গত ১০ মার্চ ফতোয়া নিয়ে সর্বশেষ শুনানি অনুষ্ঠিত হয়।
২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেয়।
ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। গত ১ মার্চ আপিলের শুনানি শুরু হয়।
গত ১৪ ফেব্র"য়ারি এ আপিল শুনানিতে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরিয়া) হিসাবে টিএইচ খান, রফিক উল হক, রোকন উদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, এম জহির, এবিএম নুরুল ইসলাম, এএফ হাসান আরিফ, রাবেয়া ভূঁইয়া এবং এমআই ফারুকীকে নিয়োগ দেওয়া হয়।
ফতোয়া নিয়ে হাইকোর্টের আরো একটি রায় রয়েছে। গত বছরের ৮ জুলাই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দেওয়া অন্য এক রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৪৫ ঘ.
bdnews24