নারায়ণগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত একটি ট্যাংকের ভেতরে একটি কঙ্কাল পাওয়া গেছে। এক পরিবার দাবি করছে, এটি তাদের নিখোঁজ ছেলের।
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাড়ের পাঁচরুখী ৩৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিমেন্টের তৈরি সেফটি ট্যাংকের ভেতর কঙ্কালটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক মো. কাউসার উদ্দিন সাংবাদিকদের বলেন, স্কুলের ছাত্ররা পরিত্যক্ত সেপটি ট্যাংকের ভেতরে মানুষের খুলি দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। এরপর শিক্ষকরা থানায় খবর দেয়।
যুবকটির বয়স ২০ থেকে ২৫ বলে পুলিশের ধারণা। পরনের জামা ও প্যান্টের বিভিন্ন অংশ পচে মাটিতে মিশে গেছে। শুধু জামার সিনথেটিক সেলাই সুতা, বোতাম ও জিন্সের প্যান্টের একটি পকেট রয়েছে।
"সম্ভবত মাস-ছয়েক আগে তাকে হত্যার পর দুর্বত্তরা লাশ ট্যাংকের ভেতর ফেলে রাখে", বলেন কাউসার।
উপজেলার পাঁচরুখী পশ্চিমপাড়া এলাকার সিঙ্গাপুরপ্রবাসী শফিকুর রহমান দাবি করেছেন, কঙ্কালটি তার ছেলে আব্দুল হামিদের (২০)।
কঙ্কাল উদ্ধারের খবর শুনে সকাল ১০টায় শফিক ও তার স্ত্রী মনোয়ারা ঘটনাস্থলে যান।
শফিক সাংবাদিকদের জানান, গত রোজার ঈদের দুদিন আগে রাতে হামিদ নিখোঁজ হয়। হামিদ পাঁচরুখীতে মামা সানাউল্লাহ কাপড়ের গদিতে কাজ করতেন।
জামা ও প্যান্ট দেখে কঙ্কালটি ছেলের বলে দাবি করেন শফিক ও মনোয়রা।
তবে কঙ্কালটি নিজেদের জিম্মায় রেখেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শফিক তার ছেলের বলে দাবি করলেও এ বিষয়ে তদন্ত করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24