ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমের মালিকানা ও বিজ্ঞাপনদাতাদের কারণে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হচ্ছে বলে এক সেমিনারে মত প্রকাশ করেছেন বক্তারা।
সোমবার এক সেমিনারে তারা বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দুর্নীতি কমে যাবে।
সেমিনারে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট'র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, পুঁজিবাজার তদন্ত ও ইউনূস বিষয়ে গণমাধ্যম দুভাগে অবস্থান নিয়েছে।
"গণমাধ্যমের মালিকদের স্বার্থগত কারণেই এটি হয়েছে।"
সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান সব ধরনের প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক আবুল মনসুর আহম্মদ বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করতে গিয়ে গণমাধ্যমগুলো তাদের নীতি-আদর্শ থেকে দিন দিন সরে আসছে।
'গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমতাভিত্তিক উন্নয়ন ত্বরান্বিতকরণে গণমাধ্যমের ভূমিকা' শিরোনামের এ সেমিনার হয় রাজধানীর পল্লী কর্ম-সহায়ক উন্নয়ন ফাউন্ডেশন মিলনায়তনে।
বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ফোরাম ২০১১-এর আওতায় গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরামের ব্যবস্থাপনায় এটি যৌথভাবে আয়োজন করে ঢাকা স্কুল অব ইকোনমিক্স ও বাংলাদেশ অর্থনীতি সমিতি।
গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলীর সঞ্চালনায় সেমিনারে বার্ডের সাবেক মহাপরিচালক এম খায়রুল কবির, ব্র্যাকের অ্যাডভোকেসি বিভাগের প্রধান শিফা হাফিজা, কেয়ার বাংলাদেশের গভার্নেন্স বিভাগের টেকনিক্যাল ম্যানেজার মান্নান মজুমদার, ডেমোক্রেসিওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর ওয়াজেদ ফিরোজ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮৪১ ঘ.
bdnews24