২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে কোম্পানি গঠনের সিদ্ধান্ত

দেশে গ্যাস, ডিজেল ও ফার্নেস অয়েলের পরিবর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে 'কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড' গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গ্যাস, ডিজেল ও ফার্নেস অয়েলের পরিবর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে 'কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড' গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে এ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় সমস্যা প্রাথমিক জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতে 'কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড' গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কোম্পানি নতুন ও পুরোনো সব কয়লাভিত্তিক কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো-পিডিবি) অধীনে ২০৩০ সালের মধ্যে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে প্রেস সচিব জানান। তিনি বলেন, দেশে উৎপাদিত বিদ্যুতের ৮০ শতাংশই গ্যাস ও তেলের ওপর নির্ভরশীল। এতে বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হয়। এ কোম্পানি গঠন করে কয়লাভিত্তিক কেন্দ্র স্থাপন হলে ব্যয় কমে আসবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জামালগঞ্জ, বড়পুকুরিয়া, ফুলবাড়ী, খালিসাপাড়া ও দীঘিপাড়ায় কয়লার মজুদ আবিষ্কৃত হলেও এর মধ্যে কেবল বড় পুকুরিয়া খনি থেকে কয়লা তোলা হচ্ছে। এ খনির সম্ভাব্য মজুদের পরিমাণ ৩৯ কোটি টন। এ খনির দায়িত্বপ্রাপ্ত চীনা প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানি লিমিটেড গত পাঁচ বছরে ৩০ লাখ টনের মতো কয়লা উত্তোলন করেছে। গত অর্থবছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৫ লাখ টন ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ৩ লাখ ২০ হাজার টন কয়লা বিক্রি করেছে তারা। চলতি বছর আগস্টেই বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানির সঙ্গে সরকারের চুক্তি শেষ হচ্ছে। ইতোমধ্যে নতুন ঠিকাদার নিয়োগের জন্য দরপত্রও ডাকা হয়েছে। ২০০৯ সালের ৫ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাধারণ সভায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য একটি কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ বিভাগ গত ১৮ এপ্রিল কোম্পানি গঠনের প্রস্তাবটি দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এএল/জেকে/১৭৪৮ ঘ.