২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে বন্দুকযুদ্ধ-গণপিটুনিতে ১০ ডাকাত নিহত

কক্সবাজারের রামুতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ এবং এরপর গণপিটুনিতে ১০ ডাকাতসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৯ পুলিশসহ অন্তত ৩০ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

কক্সবাজার, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ এবং এরপর গণপিটুনিতে ১০ ডাকাতসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৯ পুলিশসহ অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে ১০ ডাকাতের পরিচয় মেলেনি। ডাকাতের গুলিতে নিহতের নাম জসিম উদ্দিন (২৭)। তিনি নয়াপাড়ার আলিম খায়েরের ছেলে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পাহাড়ি এলাকা ধোয়াপালংয়ের নয়াপাড়ায় সোমবার ভোর ৫টার দিকে বন্দুকযুদ্ধ হয় বলে উখিয়া থানার ওসি নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন। রামুর তিনটি বাড়িতে ডাকাতির পর উখিয়া পুলিশ ডাকাতদের রামুর ধোয়াপালং পর্যন্ত ধাওয়া করে। ওসি নিয়াজ সাংবাদিকদের বলেন, উখিয়া উপজেলার কোটবাজারের কাছে সাদ্রিকাটা এলাকায় উখিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু নোমান, উখিয়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ আলম ও একই এলাকার 'দুবাই' নুরুল আলমের বাড়িতে ২৫-৩০ জনের একটি ডাকাত দল হানা দেয়। "খবর পেয়ে উখিয়া পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে ধোয়াপালংয়ের নয়াপাড়ায় পৌঁছলে ডাকাতদের সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে", বলেন তিনি। এতে ঘটনাস্থলেই দুই ডাকাতসহ তিন জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। নয়াপাড়ার জসিম সেখানেই ডাকাতের গুলিতে প্রাণ হারান বলে পুলিশ জানায়। খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম কালু সাংবাদিকদের বলেন, বন্দুকযুদ্ধের পর পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। সেখান থেকে ৪ ডাকাত পালানোর চেষ্টা করলে হিমছড়ি এলাকায় জনতার হাতে তারা ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই তারা মারা যায়। এরপর দুপুর ১টার দিকে আরো চারজনকে ওই এলাকা থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই তাদের গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ডাকাতের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক, এসআই গোবিন্দ শুক্লদাশ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমিজ আহমদ, নায়েক মুবিন, কনস্টেবল টুটুল, মোশাররফ, মহসিন, রাশেদ ও লিটন। এদের মধ্যে গোবিন্দ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। খবর শুনে রামু থানার একটি দলও ঘটনাস্থলে যায়। রামু থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত ১৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু থানা পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এএল/১৪৪৬ ঘ.