নারায়ণগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার ফরাজীকান্দায় ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
রোববার জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আব্দুল কুদ্দুসের আদালতে জবানবন্দি দেন অভিযুক্তরা।
এরা হলেন- নিহত নাসির উদ্দিন মোল্লার চাচাতো ভাই হোসেন মোল্লা, ইমাম হোসেন, আল আমিন, আয়নাল হক ও রোমান হোসেন।
শনিবার রাতে নাসির উদ্দিন মোল্লার (৫০) লাশ তাদের পাশের বাড়ির একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নাসির উদ্দিন নিখোঁজ হওয়ার পর তার ছেলে বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ হোসেন মোল্লাসহ অন্যদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত হত্যার ঘটনা বর্ণনা করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
১৪ এপ্রিল রাত থেকে নাসির নিখোঁজ থাকেন। শনিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৩ ঘ.
bdnews24