চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়িতে বাউলের ওপর নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে সংস্কৃতিকর্মী ও নাগরিক সমাজ।
রোববার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন শ্রেণী-পেশা ও সংগঠনের কয়েকশ' মানুষ এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বাউলদের ওপর নিপীড়নের তীব্র প্রতিবাদ জানান। তারা বাউলদের ওপর হামলা ও নিপীড়নকে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আঘাত হিসেবে চিহ্নিত করেন।
বক্তারা স্থানীয় সাংসদের সমঝোতায় বাউলদের মামলা প্রত্যাহারের সমালোচনা করে নিপীড়নকারীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন শহীদজায়া বেগম মুশতারী শফী, কবি-সাংবাদিক আবুল মোমেন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবীর, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সংস্কৃতিকর্মী চন্দন দাশ, রাশেদ হাসান প্রমুখ।
রাজবাড়ীর পাংশা উপজেলায় লালন ভক্ত ২৮ বাউলকে গত ৫ এপ্রিল 'তওবা' পড়িয়ে তাদের মাথার চুল ও দাড়ি-গোঁফ কেটে দেয় স্থানীয় ফতোয়াবাজরা।
ওই ঘটনায় ১৩ জনকে আসামি করে পাংশা থানায় মামলা করেন বাউল মোহাম্মদ ফকির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24