ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইল এলাকায় একটি প্রাইভেটকার থেকে স্ত্রীর লাশসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজকে জানান, রাত ৮টার দিকে সড়ক ভবনের সামনের রাস্তায় একটি গাড়ি থেকে পদ্মা অয়েল কোম্পানির পরিবেশক সিকদার শফিকুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার স্ত্রী কামরুন্নাহার নাদিয়ার (৩০) লাশ ওই গাড়ির ভেতরেই পাওয়া যায়।
শফিকুর রহমান পরিকল্পিতভাবে নাদিয়াকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার ভাই শাহরিয়ার সিরাজ সুজন।
গ্রেপ্তার শফিকুর পুলিশকে জানিয়েছেন, নাদিয়ার সঙ্গে সাত মাস আগে তার বিয়ে হয়। তারা দুজনই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে লেখাপড়া করছেন। প্রতি বৃহস্পতিবার তারা ঢাকায় আসেন এবং শনিবার ক্লাশ শেষে বরিশাল গিয়ে কাজে যোগ দেন।
গত বৃহস্পতিবার ঢাকা এসে বাসাবোতে সুজনের বাসায় ওঠেন শফিকুর ও নাদিয়া। ওইদিনই ক্লাশ শেষে তারা রায়ের বাজারে শফিকুরের মায়ের বাসায় যান।
শফিকুর দাবি করেছেন, রোববার সকাল ১১টার দিকে তার স্ত্রী তাকে প্রচণ্ড পেট ব্যথার কথা বলেন। এই অবস্থায় তিনি ড্রাইভার রবিউলের সঙ্গে অসুস্থ স্ত্রীকে স্কয়ার হাসপাতালে পাঠান। আর নিজে ব্যাংক থেকে টাকা তুলতে মতিঝিলে যান। পরে ড্রাইভার ফোন করে তাকে স্ত্রীর মৃত্যু সংবাদ জানায়।
ড্রাইভার রবিউল পুলিশকে জানান, নাদিয়ার নিথর দেহ গাড়িতে তুলে শফিকুর তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। আর টাকা তোলার কথা বলে গাড়ি থেকে নেমে যান। পরে আবারো ফোনে যোগাযোগ করলে গাড়ি নিয়ে বরিশালে চলে যেতে বলেন শফিকুর। মাওয়ার দিকে রওনা হওয়ার পর রাস্তা থেকে শফিকুরকে তুলে নেন রবিউল।
কিন্তু মাওয়া ফেরিঘাটে পৌঁছানোর পর বরিশাল যেতে অস্বীকৃতি জানান রবিউল। নাদিয়ার বিষয়ে তার ভাই সুজনের সঙ্গে যোগাযোগ করার জন্য শফিকুরকে পরামর্শ দেন তিনি।
সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভগ্নিপতি রোববার ফোন করে জানান যে নাদিয়া মারা গেছে। মৃত্যুর কারণ জানতে চাইলে একেক সময়ে একেক কথা বলেন শফিকুর। এই পরিস্থিতিতে তাকে লাশ নিয়ে ঢাকায় আসতে বলেন সুজন। কথা হয়, কাকরাইলের সড়ক ভবনের কাছে তাদের দেখা হবে। শফিকুর ঢাকায় পৌঁছে খবর দিলে পুলিশ নিয়ে সেখানে যান সুজন।
ওসি রেজাউল করিম বলেন, "এটা হত্যা না আত্মহত্যা বোঝা যাচ্ছে না। তবে বিষয়টি রহস্যজনক।"
সুজনের দাবি, শফিকুরই তার বোনকে হত্যা করে মৃত্যু বলে চালানোর চেষ্টা করছেন।
শফিকুর এর আগেও দুইজনকে বিয়ে করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন সুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএম/জেকে/২৩২০ ঘ.
bdnews24