মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হওয়ার বিধান পরিবর্তনের পক্ষে সংবিধান সংশোধন কমিটিতে মত দিয়েছেন আইনজ্ঞরা।
আইনজ্ঞরা মনে করেন, বিচার ব্যবস্থাকে প্রভাবমুক্ত রাখতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পরিবর্তন আনা প্রয়োজন।
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে রোববার পৃথক আলোচনায় এ মত দিয়েছেন আলোচনায় অংশগ্রহণকারীদের কয়েকজন।
সংসদ ভবনে সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাবেক প্রধান বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবি ও আইনজ্ঞদের সঙ্গে সংবিধান সংশোধন বিষয়ক সংসদীয় বিশেষ কমিটির বৈঠক হয়।
বৈঠকে অধিকাংশই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে বিচার ব্যবস্থা সংশ্লিষ্টদের নিয়ে কথা বলেন। সেই সঙ্গে বিশেষ কমিটির কিছু প্রস্তাবের সঙ্গে দ্বিমতও পোষণ করেন আলোচকরা।
বর্তমানে সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার বিধান রয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি না পাওয়া গেলে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারক বা সেক্ষেত্রে কাউকে না পাওয়া গেলে বিভিন্ন শর্ত অতিক্রম করে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া বা যতদূর সম্ভব প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বাংলাদেশের যে সব নাগরিক উপদেষ্টা হওয়ার যোগ্য তাদের মধ্য থেকে প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে।
রোববারের বৈঠকে সাবেক প্রধান বিচারপতিসহ ১৮ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়।
এদের মধ্যে অসুস্থতার কারণে সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন, মুহাম্মদ হাবিবুর রহমান এবং দেশের বাইরে অবস্থান করায় ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ বৈঠকে অংশ নেননি। বিএনপির কেন্দ্রী কমিটির সহ-সভাপতি আইনজীবি টিএইচ খান অসুস্থতার কারণে বৈঠকে যাবেন না বলে ইতোমধ্যে জানিয়েছেন।
কমিটির কো-চেয়ারম্যান মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত জানান, বিশেষজ্ঞদের মতামত গুরুত্বের সঙ্গে নিয়েছে কমিটি। সংবিধানে সর্বজন স্বীকৃত সংশোধনী আনার জন্য তাদের মতামতগুলো পর্যালোচনা করবে কমিটি।
বিচারপতিদের দূরে রাখার পরামর্শ
বৈঠকে তার দেওয়া মত প্রসঙ্গে ব্যরিস্টার রফিক উল হক সাংবাকিদের বলেন, বিচার ব্যবস্থাকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট রাখা (ইনভল্ভ) ঠিক হচ্ছে না।
"রাজনৈতিক পরিচয়ের কারণে এরা সবসময় বিতর্কিত হন।"
সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সমালোচনা না করলেও তা থেকে বিচারপতিদের সরিয়ে রাখার পরামর্শ দেন।
"প্রধান বিচারপতির জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধানের মূলা ঝুলিয়ে রাখায় বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এ সরকার পদ্ধতিতে রাজনৈতিক রং দেওয়া হয়। এতে বিচারপতিরা বিব্রত হন।"
তত্ত্বাবধায়ক সরকার প্রধানের জন্য বিচারপতির বিকল্প গ্রহণযোগ্য ব্যক্তি খোঁজার পরামর্শ দেন তিনি।
আলোচনায় বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বর্তমান কাঠামোর বিকল্প প্রস্তাব দেন জ্যেষ্ঠ আইনজীবি এম জহির।
সাংবাদিকদের তিনি বলেন, এক্ষেত্রে প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক প্রধান বিচারপতির পরিবর্তে রাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব রাখা যায়। একই সঙ্গে ক্ষমতাসীন জোট ও বিরোধী জোট থেকে প্রতিনিধিত্বের আনুপাতিক হারে পাঁচজন করে উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে।
তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প দেখেন না সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন।
'বিকল্প নিয়ে ভাবার সময় এসেছে'
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যরিস্টার আমীর উল ইসলাম মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প খোঁজার সময় এসেছে।
বৈঠকে দেওয়া মত প্রসঙ্গে ব্যরিস্টার আমীর সাংবাদিকদের বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা ধরে রাখতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পরিবর্তন আনার জন্য উপযুক্ত সমাধান খুঁজতে হবে। এ বিকল্প নিয়ে ভাবার সময় এসেছে।
"তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি নিয়োগের পদ্ধতির কারণে বিচার ব্যবস্থায় তা প্রভাব ফেলতে পারে। আমরা পুরো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিকল্প খুঁজছি।"
ব্যরিস্টার আজমালুল হোসেন কিউসি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। তা বাতিল করতে হবে।
"এটার (তত্ত্বাবধায়ক সরকার) আর দরকার নেই। নির্বাচন করতে গিয়ে তারা সব সময় বিতর্কিত হয়। এর বিকল্প হিসেবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে।"
রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে মতানৈক্য
ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে না রাখার পক্ষে বৈঠকে মত দেন এম জহির। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রের আবার ধর্ম কিসের"।
ড. কামাল হোসেন এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলে বিতর্ক সৃষ্টি করতে চাই না।"
ব্যরিস্টার রফিক উল হক বলেন, "আমি যেখানে থাকি (পল্টনে) সেখানে জামায়াতের অফিস। এটা নিয়ে কথা বলে আবার ঝামেলায় পড়ব নাকি।"
সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ইসলাম নিয়ে কোনো মতামত না দিলেও মতবাদ নিয়ে কঠোর অবস্থান নেন।
"কোনো ইজম কারো ওপর চাপিয়ে দেওয়া যাবে না। চাপিয়ে দিয়ে কেউ টিকেও থাকতে পারেনি।"
রাষ্ট্রধর্ম ইসলামসহ সব ধর্মের সাংবিধানিক স্বীকৃতি থাকা উচিত বলে মনে করেন ব্যারিষ্টার আমীর উল ইসলাম।
সংসদীয় বিশেষ কমিটির সদস্য হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে না রাখার বিষয়ে বৈঠকে অনেকে সাহস করে মত দিয়েছেন। একজন সাবেক এটর্নি জেনারেলও বলেছেন- সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা রাখা পরস্পরবিরোধী।"
বিচারপতিদের জবাবদিহিতা ও অভিসংশন
বিচারপতিদের অভিসংশনের এখতিয়ার সংসদে রাখার পক্ষে মত দেন আজমালুল ইসলাম কিউসি'র। তবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও পাশাপাশি চলতে পারে বলে জানান তিনি।
"বিচারক নিয়োগ পদ্ধতি ভালো হলে এ ধরনের বিধানের কোনো দরকার নেই।"
সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল মনে করেন, বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের থাকলেও কোনো কাজে আসবে না।
অনেক আইনজ্ঞ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আরো কার্যকর করার পরামর্শ দেন।
সার্বিক বিষয়ে সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেন, "পঞ্চম সংশোধনীর রায়ে এ বিষয়ে সব ধরনের ওপিনিয়ন দেওয়া হয়েছে। নতুন করে কিছু বলিনি বৈঠকে।"
তিনদিনব্যাপি আলোচনার প্রথম দিন ছিল রোববার। দ্বিতীয় দিনে বিরোধী দলসহ সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মতামত নেওয়ার কথা রয়েছে।
বিশেষ কমিটির সদস্য আমির হোসেন আমু বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে বলেন, "এখন পর্যন্ত বিএনপি আসবে না- এ কথা জানায় নি। ধরে নেবো- তারা আসছেই। আমরা আশা করি, সংবিধান সংশোধনে মতামত দিয়ে ভূমিকা রাখবেন তারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫২ ঘ.
bdnews24