নাটোর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের মাহবুব হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র জোতির্ময় সরকার ওরফে জয় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
রোববার নাটোরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. তারিক মোর্শেদ সিদ্দিকীর আদালতে জয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
নাটোরের লালপুরের আব্দুলপুর বাজারের ব্যবসায়ী মাহবুব হোসেন ওরফে রাসেলকে অপহরণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় তার বন্ধু রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র জোতির্ময় সরকার ওরফে জয়। আরেক আসামি মো. সাব্বির হোসেন পলাতক রয়েছে।
সকাল সাড়ে ১১টায় জয়কে আদালতে আনা হয়। দুপুর সোয়া দুইটায় শুরু হয়ে বিকাল ৫টা ৪০ মিনিটে তার জবানবন্দি নেওয়া শেষ হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত থেকে বের হয়ে জ্যোতির্ময় সরকার সাংবাদিকদের বলেন, "আমি বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছি।
"আমি বলেছি, রাসেল (নিহত) একজন মাদক ব্যবসায়ী ও সুদখোর ছিল। সে আমার এবং আরো বহু ছেলের জীবন নষ্ট করেছে। এর প্রতিশোধ নিতেই আমরা তাকে খুন করেছি।"
তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি জয় তাকে বলেছে।
জবানবন্দী গ্রহণের পর জয়কে তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়। পুলিশের আদালত পরিদর্শকের কক্ষে তার বাবা জগদীশ সরকারসহ পরিবারের সদস্যরা তার সঙ্গে কথা বলেন।
জগদীশ সরকার বলেন, "ভগবান যা লিখে রেখেছেন তাই হবে। আমি নিজেও নিহত রাসেল ও তার পরিবারের জন্য দুঃখিত।"
গত ৪ এপ্রিল লালপুরের আব্দুলপুর বাজারের ব্যবসায়ী মাহবুব আলম ওরফে রাসেলকে বন্ধু সাব্বির ঢাকা যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। র্যাব ও পুলিশ গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে জ্যোতির্ময় সরকারকে গ্রেপ্তার করে। তার দেখানো স্থান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের পেছনের একটি ড্রেন থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়।
মাহবুব নিখোঁজ হওয়ার পর গত ১৫ এপ্রিল জ্যোতির্ময় সরকার ও সাব্বিরকে আসামি করে লালপুর থানায় মাহবুবের বাবা একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24