২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মানুষই উদ্ভিদের প্রধান শত্র"'

পরিবেশ দূষণ ও রোগ-বালাই ছাড়াও উদ্ভিদের মৃত্যুর জন্য দ্রুত নগরায়ন, পরিকল্পনার অভাবসহ মানবসৃষ্ট কারণই দায়ী বলে মনে করেন উদ্ভিদ বিজ্ঞানী ও পরিবেশবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণ ও রোগ-বালাই ছাড়াও উদ্ভিদের মৃত্যুর জন্য দ্রুত নগরায়ন, পরিকল্পনার অভাবসহ মানবসৃষ্ট কারণই দায়ী বলে মনে করেন উদ্ভিদ বিজ্ঞানী ও পরিবেশবিদরা। রোববার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত দেন। নিসর্গবিদ-লেখক দ্বিজেন শর্মার মতে, মানুষ পরিবেশের উপর এতো আধিপত্য বিস্তার করেছে যে এখন পরিবেশ প্রতিশোধ নিতে শুরু করেছে। তাই পরিবেশ দূষণ ছাড়াও সংক্রামক রোগ, দ্রুত নগরায়ন, লবণাক্ততাসহ নানা কারণে দেশের বিভিন্ন প্রজাতির গাছ মারা যাচ্ছে। 'মহামারী আকারে গাছের মড়ক: কারণ ও করণীয়' শীর্ষক এ আলোচনার আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন। সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশে দ্বিজেন শর্মা বলেন, 'গাছ লাগাও, পরিবেশ বাঁচাও'-এ স্লোগানে পরিবেশ রক্ষা হবে না। কী গাছ লাগাতে হবে, একটি নির্দিষ্ট জায়গায় কতগুলো গাছ লাগতে হবে- তা নির্ধারণ করে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম বলেন, প্রাকৃতিক, সংক্রামক রোগ (ছত্রাক, ব্যাকটেরিয়ার আক্রমণ), গাছ রোপণে কৌশলগত ভুল এবং মাটির রাসায়নিক অবস্থার পরিবর্তনের কারণে গাছ মারা যায়। প্রাকৃতিক কারণ ছাড়া বাকি কারণগুলো সম্পর্কে সচেতন থাকলে গাছ মারা যাওয়ার প্রবণতা অনেকাংশে রোধ করা সম্ভব বলে মনে করেন এই অধ্যাপক। অবশ্য গাছ মারা যাওয়ার অন্যতম কারণ হিসাবে পরিবেশগত দূষণকেই দেখছেন একই বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এম এ বাশার। তার মতে, গাছ মারা যাওয়ার জন্য শুধু ছত্রাক বা ব্যাকটেরিয়া দায়ী নয়, পরিবেশ দূষণই অন্যতম কারণ। "সুন্দরবন অঞ্চলে অধিক লবণাক্ততার কারণে অনেক গাছ মারা যাচ্ছে। এজন্য এখনই আমাদের করণীয় ঠিক করতে হবে।" পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান বলেন, শুধু গাছ লাগালে হবে না। এখন থেকে গাছ রক্ষার জন্য আন্দোলন করতে হবে। আলোচনায় আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক নূরজাহান সরকার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল আজিজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/এইচএ/২১০৫ ঘ.