খাগড়াছড়ি, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে খগড়াছড়িতে রোববার শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
অবরোধ চলাকালে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করেনি। শহরের দোকানপাট বন্ধ ছিল।
জেলা শহরে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে রাস্তায় সকাল ৯টার দিকে কয়েকজন তরুণ টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পরে পুলিশ এলে তারা চলে যায়।
এছাড়া জেলা শহর ও শহরতলীর আর কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে দুপুরে আওয়ামী লীগ শহরে একটি শান্তি মিছিল করেছে। নারিকেল বাগান এলাকায় দলের জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে ছিলেন আওয়ামী লীগ জেলা সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মংক্যচিং চৌধুরী প্রমুখ।
১৭ এপ্রিল রামগড়ের বড়পিলাক ও ছনখোলায় তিনজনকে হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ কর্মসূচি দেয়।
পুলিশ সুপারিনটেনডেন্ট আবু কালাম সিদ্দিক বলেন, জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের গুরুতপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন ছিলো। আর্মড পুলিশও টহল দিয়েছে।
এদিকে এ সহিংস ঘটনার আটদিন পরও রামগড় ও মানিকছড়ি উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সালাউদ্দিন বলেন, তদন্ত কমিটির মেয়াদ দ্বিতীয় পর্র্যায়ে আরো চার কার্যদিবস বাড়ানো হয়েছে।
রোববার তদন্ত রির্পোট জমা দেওয়ার কথা ছিলো। কিন্তু নতুন করে মানিকছড়ির ঘটনার তদন্ত করতে হবে বলে সময় বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে বলে তিনি জানান।
পাহাড়ি-বাঙালি ভূমি বিরোধ নিয়ে রামগড়ের বড়পিলাক ও ছনখোলায় ১৭ এপ্রিল সহিংসতায় তিনজন নিহত, বেশ কয়েকজন আহত এবং রামগড় ও মানিকছড়িতে বহু আদিবাসীর ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24