ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন, মোবাইল অপারেটরদের জন্য তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দ ফি 'যৌক্তিকভাবেই' ধার্য করা হয়েছে।
রোববার ঢাকা ক্লাবে টেলিকম রিপোর্টার্স ফোরাম (টিআরএফ) আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জিয়া আহমেদ আরো বলেন, "গত ১৫ বছর মোবাইল অপারেটরগুলো কোনো ধরনের ফি দেয়নি। বিনামূল্যে তাদেরকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। হিসাব করলে এ সময়ে তাদের কাছ থেকে ৫ হাজার ২০০ কোটি টাকা পাওয়া যেত।"
আগামী ১৫ বছরে এসব কোম্পানি দুই লাখ কোটি টাকা আয় করবে বলে মনে করেন বিটিআরসি চেয়ারম্যান।
"সেক্ষেত্রে এই ফি পরিশোধে তাদের কোনো সমস্যা থাকার কথা নয়। মোবাইল কোম্পানীগুলো বর্তমানে লাভজনক অবস্থায় আছে। তাদের বিলবোর্ডগুলোর উজ্জ্বলতা দেখেই তা বোঝা যায়", যোগ করেন জিয়া আহমেদ।
গত ৮ ফেব্র"য়ারি এক যৌথ সংবাদ সম্মেলনে চার মোবাইল অপারেটর- বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন এবং রবি বিটিআরসি প্রস্তাবিত এই খসড়া নীতিমালা পুর্নবিবেচনার দাবি জানায়।
ওই সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের জন্য ৪টি অপারেটর কোম্পানিকে ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। একসঙ্গে এতো টাকা দিতে হলে টেলিকম ব্যবসা হুমকির মুখে পড়বে। অপারেটর ও সরকার- উভর পক্ষই যাতে লাভবান হয়- সেই আলোকে নীতিমালাটি চূড়ান্ত করার আহ্বান জানানো হয়।
৫ দশমিক ৫ শতাংশ রাজস্ব বিনিময়ের বিধান রেখে মোবাইলফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের এ খসড়া নীতিমালা গত ২০ জানুয়ারি প্রকাশ করা হয়।
এতে লাইসেন্স নবায়নের আবেদন বাবদে ১ লাখ টাকা এবং নবায়ন ফি দশ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বার্ষিক লাইসেন্স ফি ধরা হয়েছে ৫ কোটি টাকা।
এ খসড়ায় অপারেটরদের পনেরো বছরের জন্য লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। মেয়াদ শেষে লাইসেন্স নবায়নের সুযোগ রাখা হয়েছে।
নতুন নীতিমালায় স্পেকট্রামের জন্য আবেদন করতে হবে ৫০ হাজার টাকা ফি দিয়ে। স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি দিতে হবে প্রতি মেগাহার্টজে জিএসএম ১৮০০ ব্যান্ডের জন্য ১৫০ কোটি টাকা, ৯০০ ব্যান্ডের জন্য ৩০০ কোটি টাকা এবং সিডিএমএর প্রতি মেগাহার্ডজের জন্য ১৫০ কোটি টাকা।
লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে বাজারে থাক এই চার অপারেটরকে তা নবায়ন করতে হবে। তবে অন্য দুই অপারেটর এয়ারটেল ও টেলিটককে লাইসেন্স নবায়ন করতে হবে না।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, চার মোবাইল অপারেটরের লাইসেন্স নবায়নের বিষয়ে একটি 'যৌক্তিক' সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।
অপারেটরদের এ উদ্বেগের কথা বিবেচনা করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, "আমরা তাদের দাবির ব্যাপারে শুনেছি এবং আলোচনা করেছি। অবশ্যই একটি সমাধানের রাস্তা বের করবো।"
গত ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছিলেন, লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের ফি'র ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। লাইসেন্স আবেদনের সময়সীমা আরো দু'এক মাস বাড়ানো হতে পারে।
'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল কুদ্দুস, আ স ম ফিরোজ, মোয়াজ্জেম হোসেন রতন, খালেদ মাহমুদ চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এতে টেলিকম রিপোর্টার্স ফোরামের প্রথম প্রকাশনা 'টেলকো ভয়েস' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৯০৫ ঘ.
bdnews24