চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে একটি সরকারি পুকুর দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার সকালে নাচোল ও গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী দুটি গ্রাম পূর্ব চন্দনা ও বহিপাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়।
উদ্ভূত পরিস্থিতিতে পূর্ব চন্দনা গ্রামে পুকুর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে নাচোল উপজেলা প্রশাসন।
আহতদের মধ্যে জহুর নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাচোল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক ইমাম জানিয়েছেন, এই দুই গ্রামের সীমান্ত এলাকায় ৩ একর ৩৩ শতকের একটি খাস পুকুর দখল দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে নাচোল ও গোমস্তাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ব চন্দনা গ্রামে পুকুর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- দুঃখ (৩০), তোফাজ্জল (৩২), শেলী (১৮), আকমল (৩০), লাল মোহাম্মাদ (৪৫), জনি (২০) , মামুন (২৭), আবুল কালাম আজাদ (৪০), তরিকুল (২৫), রেজাউল (২৬), আইযুব (৩৬), শরিফুল (২৫), রফিক (৪০), তহুরুল (৩০), জাহাঙ্গীর (৩০), জহুর আলী (৩৫), আজিজুর (৩২), জরিফ (৪৫) ও বাবুল (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24