ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের সহযোগিতা করার দায়ে বাংলাদেশি দুই নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাতে রাজধানীর ফকিরাপুল থেকে ওই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মোহাম্মদ ইউনূস (৪১), আবদুল কুদ্দুস ওরফে নূরুল হক (৫২), আবদুর রহমান (২২), আবদুল্লা (৩১), মো. সাকেদ (২০), আনিছুর রহমান (২০), কেফায়াত উল্লাহ (২০), মো. আনোয়ার (১৮), জাহেদ হোসেন (৩৭), আবদুল মোতালেব (৩৫), তৈয়ব নূর (২০), নূর মোহাম্মদ (৩৮), আরাফাত (১৮), আবুল মিয়া ওরফে আ. গফুর (১৮), আনোয়ার হোসেন (২৪) এবং নূর মোহাম্মদ (২০)।
এদের মধ্যে মোহাম্মদ ইউনূস ও আবদুল কুদ্দুস ওরফে নুরুল হক বাংলাদেশি নাগরিক।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "মিয়ানমারের কিছু নাগরিক বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে। তারা পাচারকারী চক্রের সহায়তায় মিথ্যা নাম-ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট সংগ্রহ করে বিভিন্ন দেশে যাচ্ছে।"
মিয়ানমারের এসব নাগরিক বাংলাদেশি পরিচয়ে বিদেশে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
"এ ধরনের অনুপ্রবেশকারীদের জন্য আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়েছে।"
মনিরুল ইসলাম বলেন, যারা এ সব পাসপোর্টের তথ্য যাচাইয়ের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/জেকে/১৭০৯ ঘ.
bdnews24