ঝিনাইদহ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় আসাদুল ফকির (৩৫) নামে এক ক্ষেতমজুরকে গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা।
রোববার দুপুরে উপজেলার ঘোড়শাল তালতলাপাড়ার মাঠে তাকে হত্যা করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের ফুফাতো ভাই শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসাদুল দুপুরে একটি পাটক্ষেতে নিড়ানী দিচ্ছিলেন।
এসময় ৭/৮ জন অস্ত্রধারী যুবক এসে তাকে ঘিরে প্রথমে পিছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করে। পরে বন্দুকের নল তার মুখের ভিতর ঢুকিয়ে গুলি করে।
মৃত্যু নিশ্চিত হলে চরমপন্থিরা অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীর সামনে দিয়ে চলে যায় বলে জানান শহিদুল।
প্রতক্ষ্যদর্শী রেশমা বেগম জানান, আসাদুলকে হত্যার পর ৫/৬ যুবক তার সামনে দিয়ে চলে যায়।
ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোনো এক পক্ষ চরমপন্থীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আসাদুলের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টােয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৫৬ ঘ.
bdnews24