২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে বোমাতঙ্ক

অজ্ঞাত ব্যক্তির টেলিফোনে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বোমাতঙ্ক দেখা দিলেও পুলিশ খুঁজে বোমার কোনো আলামত পায়নি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 05:30 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞাত ব্যক্তির টেলিফোনে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বোমাতঙ্ক দেখা দিলেও পুলিশ খুঁজে বোমার কোনো আলামত পায়নি। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ঢামেক হাসপাতালে টেলিফোন করে জানায়, হাসপাতালের অপারেশন থিয়েটারে বোমা রয়েছে। যে কোনো মুহূর্তে তার বিস্ফোরণ ঘটবে।" এ খবর জানাজানি হলে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশও যায়। ওসি জানান, গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল হাসপাতালের অপারেশন থিয়েটার ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এ কাজ করেছে বলে রেজাউল মনে করছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে তৃতীয় তলার অপারেশন থিয়েটারে টেলিফোনে বোমার খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তা শাহবাগ থানাকে জানানো হয়। এ নিয়ে কিছুটা আতঙ্ক দেখা দিলেও তা হাসপাতালে কাজে কোনো ব্যাঘাত ঘটায়নি বলে জানান তিনি। শহিদুল বলেন, "আমরা ১০টি অপারেশন যথাসময়ে চালিয়েছি। রোগীদের সেবাও ব্যাহত হয়নি।" হাসপাতালে নিরাপত্তার বন্দোবস্তুও ভালো বলে জানান তিনি। "প্রতিটি অপারেশন থিয়েটারের সামনে ও হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা রয়েছে", বলেন পরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.