২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনে আলোচনা শুরু

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ধারাবাহিক বৈঠকের প্রথম দিন শুরু করেছে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 04:58 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ধারাবাহিক বৈঠকের প্রথম দিন শুরু করেছে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। রোববার সকাল ১১টায় সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। শুরুতেই মতামত দিচ্ছেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। সংসদীয় কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীসহ অন্য সদস্যরা বৈঠকে রয়েছেন। রয়েছেন আমন্ত্রিত ব্যক্তিদের অধিকাংশই। সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ ও সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের সঙ্গে তিন দিন ব্যাপী আলোচনার প্রথম দিনে অংশ নিচ্ছেন সাবেক প্রধান বিচারপতি ও আইনজ্ঞরা। রোববার আমন্ত্রিত আইনজ্ঞরা সাবেক প্রধান বিচারপতিরা হলেন- কামাল উদ্দিন হোসেন, মোস্তফা কামাল, মুহাম্মদ হাবিবুর রহমান, মো. ফজলুল করিম ও মো. তাফাজ্জাল ইসলাম। এর মধ্যে সভা শুরুর সময় পর্যন্ত দেখা যায়নি কামাল উদ্দিন, হাবিবুর রহমান ও তাফাজ্জল ইসলামকে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন ও সদস্য এম আমীর উল ইসলাম বৈঠকে রয়েছেন। আমন্ত্রিত আইনজ্ঞদের মধ্যে দেখা যায়নি টিএইচ খান ও রোকনউদ্দিন মাহমুদকে। উপস্থিত রয়েছেন- সৈয়দ আমিরুল ইসলাম, রফিক উল হক, শাহ আলম, শফিক আহমেদ, এম জহির, মাহমুদুল ইসলাম, মাহবুবে আলম, তৌফিক নেওয়াজ ও ফজলে নূর তাপস। সোমবার বিরোধী দল ও সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং মঙ্গলবার ক্ষমতাসীন দলের মতামত দেওয়ার কথা রয়েছে। বিশেষ কমিটির সচিব একে মোহাম্মদ হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধান সংশোধনে সার্বিক বিষয়ে মতামত দিতেই সাবেক প্রধান বিচারপতি, আইনবিদ ও সংবিধান প্রণয়নে জড়িতদের বৈঠকে আমন্ত্রণ জানায় বিশেষ কমিটি। সোমবার বিরোধী নেতা ও সংসদে প্রতিনিধিত্বকারী দল ২৫ এপ্রিল সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, এরপর বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপি এবং বিকাল ৪টায় জাপাসহ সংসদে প্রতিনিধিত্বকারী অন্যদের সঙ্গে বৈঠকে বসবে বিশেষ কমিটি। বিএনপি ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় পার্টি-জাপা (এরশাদ), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (আন্দালিব রহমান), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (হাসানুল হক ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (রাশেদ খান মেনন), লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (অলি আহমেদ), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (আমেনা আহমেদ) ও গণতন্ত্রী পার্টি (রুবী রহমান)। বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি এখনো তাদের বক্তব্য আনুষ্ঠানিকভাবে না জানালেও দলীয় নেতারা না যাওয়ারই ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমৃন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক বসবে বিশেষ কমিটি। ওই দিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বৈঠকে এসে মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুুল মতিন খসরু, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ হাছান মাহমুদ ও শিরিন শারমিন চৌধুরী। এ পর্যন্ত কমিটি সদস্যরা ১৬টি বৈঠক করেন। বিশেষ কমিটির অগ্রগতি জানাতে গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কমিটির সদস্যরা। এরপরই সব দলের মতামত নিতে তিনদিনব্যাপী আলোচনার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১১১ ঘ.