২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রোগ নিরূপণী কেন্দ্রে ভাংচুর

লাইন ধরা নিয়ে নগরীর একটি রোগ নিরূপণী কেন্দ্রে চট্টগ্রাম মেডিকেল ছাত্ররা ব্যাপক ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইন ধরা নিয়ে নগরীর একটি রোগ নিরূপণী কেন্দ্রে চট্টগ্রাম মেডিকেল ছাত্ররা ব্যাপক ভাংচুর চালিয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রবর্ত্তক এলাকায় শেভরন ডায়াগোনস্টিক সেন্টারে এ হামলা হয়। এ ঘটনার পর মেডিকেল কলেজ ছাত্ররা প্রবর্ত্তক মোড়ে একঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ শেভরনের তিন নিরাপত্তারক্ষীকে আটক করার পর সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এরপর যানবাহন চলাচল শুরু হয়। শেভরনের জিএম পুলক পাড়িয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেডিকেলের তিন/চারজন ছাত্র একটি রোগ নিরূপনের কাজে শেভরন আসে। তারা পরিচয় না দেওয়ায় রিসেপসনের লোকজন চিনতে পারেনি। তাই লাইনে দাঁড়াতে বললে তারা কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ছাত্ররা মেডিকেলে গিয়ে আরো ৪০/৫০ জন ছাত্র ডেকে এনে ব্যাপক ভাংচুর চালায়। তারা শেভরনের সামনের অংশ, দরজা-জানালা ও ৭/৮টি কম্পিউটার ভাংচুর করে। তারা বাইরের তিন/চারটি দোকানও ভাংচুর করেছে। তারা প্রবর্ত্তক মোড়ে সড়কে অবরোধও দেয়। এ সময় এলাকায় আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হলে লোকজন ছোটাছুটি শুরু করে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি শান্ত করতে শেভরন কর্তৃৃপক্ষ তাদের তিন নিরাপত্তারক্ষীকে পুলিশের হাতে তুলে দেয় বলেও তিনি জানান। মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলেল সহকারী কমিশনার আব্দুল মান্নান বলেন, মেডিকেল ছাত্রদের সঙ্গে রিসেপশনের লোকজনের কথা কাটাকাটির জেরে একঘণ্টা অবরোধ করে ছাত্ররা। শেভরনে ভাংচুর হওয়অর কথা তিনি স্বীকার করেন। তবে বাইরে দোকানপাট ভাংচুরের কথা স্বীকার করেননি। তিনি রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরিস্তিতি শান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০২৭ ঘ.