মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে বিশেষ কমিটির আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না জ্যেষ্ঠ আইনজীবী টিএইচ খান।
শনিবার রাত ৮টায় বাসার টেলিফোনে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোরকে এ কথা বলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খান।
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সঙ্গে সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ ও সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের তিনদিনব্যাপি আলোচনা রোববার শুরু হচ্ছে।
প্রথম দিনে আলোচনার জন্য ১৮ জনকে আমন্ত্রণ জানালেও বিএনপি ঘরানার একমাত্র আইনজীবি রয়েছে টিএইচ খান।
গত পরশু বিশেষ কমিটির চিঠি পেয়েছেন জানিয়ে তিনি বলেন, "আমি ক'দিন ধরে অসুস্থ। ওই বৈঠকে যাওয়া হবে না।"
'কোনো নির্দেশনা নেই চিঠিতে'
বিশেষ কমিটির সংবিধান সংশোধনে বর্তমান প্রক্রিয়ার সমালোচনা করেন টিএইচ খান।
"সংবিধান তো বিরাট ব্যাপার। সংবিধান সংশোধন কোন্ বিষয়ে, কী প্রবলেম- তার কোনো নির্দেশনা নেই চিঠিতে। নির্দিষ্ট কোনো আর্টিকেলে মতামত দেওয়ার জন্য বলা হলে অবশ্যই মতামত দেওয়া যেত। কিন্তু এভাবে তো হয় না।"
তিনি বলেন, সংসদীয় বিশেষ কমিটি প্রকৃতপক্ষে ক'টি বিষয়ে সংবিধান সংশোধন করতে চায় তাও অস্পষ্ট।
"কী বিষয়ে সংবিধান সংশোধন হবে তার কোনো ইঙ্গিত নেই। পঞ্চম সংশোধনী বাতিলের রায়ে [আদালত] কিছু ওপিনিয়ন দিয়েছেন। এখন তারা (বিশেষ কমিটি) ৭০/৭২টি সংশোধন আনতে চায়।"
টিএইচ খান বলেন, "এখন যা হচ্ছে তা গাঁয়ের দরবারের মতো। একেক জন এসে ৪০/৪৫টা পরামর্শ দিয়ে যাচ্ছে। এভাবে তো হয় না। এভাবে হতে পারে না।"
'পাইকারিভাবে হয় না'
বিশেষ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠির ভাষ্য জানতে চাইলে এই আইনজীবি বলেন, "খুব ভদ্রভাবে চিঠি লিখেছে। তাতে বলা হয়, সংবিধান সংশোধনে বিশেষ কমিটির আলোচনা করছে। ওই কমিটি এ পর্যন্ত অনেকগুলো বৈঠকও করেছে। তাতে উপস্থিত হয়ে সার্বিক বিষয়ে মতামত চেয়েছে কমিটি।"
বিশেষ কমিটির চিঠি পাওয়ার পর বৈঠকে অনুপস্থিত থাকলেও লিখিত কোনো মতামত পাঠাবেন কি না বা পরে বৈঠকে বসার কোনো প্রস্তাব দেবেন কি না- জানতে চাইলে এ আইনজীবি বলেন, "না। সংবিধান সংশোধনের এ বিষয়টা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। পাইকারিভাবে এটা হয় না।"
গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে বিএনপি'র একজন সদসস্যেও নাম দিতে বলতেও কোনো সাড়া দেয়নি বিরোধী দল।
এ পর্যন্ত কমিটি সদস্যরা ১৬টি বৈঠক করেন। বিশেষ কমিটির অগ্রগতি জানাতে গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কমিটির সদস্যরা।
সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ থাকলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি দলীয়ভাবে। বিরোধী দল শুরু থেকে সংবিধান সংশোধনের বিরোধিতা করে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৭ ঘ.
bdnews24