ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে ঝুঁকি নিয়ে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে দেশ স্বাধীন করতে ভূমিকা রাখায় ১৪ কূটনীতিক সম্মাননা দিয়েছে সরকার।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সম্মাননা জানানোর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, এখন থেকে ১৮ এপ্রিল 'পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস' হিসেবে পালিত হবে। ১৯৭১ এর এ দিনে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ানো হয়।
কূটনীতিকরা হলেন- আবুল মাল আবদুল মুহিত, কেএম শেহাবউদ্দিন, কাজী নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এম হোসেন আলী, আনোয়ার হোসেন চৌধুরী, কাজী সেকান্দার আলী, সৈয়দ মোয়াজ্জেম আলী, মহিউদ্দিন আহমেদ, ওয়ালিউর রহমান, লুৎফুল মতিন, কিউএএমএ রহিম, আনোয়ার করিম চৌধুরী ও মোস্তাফিজুর রহমান।
সম্মাননা দেওয়ার জন্য ২৫ জনকে মনোনীত করা হলেও অনুষ্ঠানে উপস্থিত ১৪ জনকে তা দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সম্মাননা পেয়ে অর্থমন্ত্রী মুহিত বলেন, একাত্তরে মুক্তিবাহিনী দেশের ভেতরে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলো। কূটনীতিকরাও ছিলেন যুদ্ধে শামিল।
"তাদের যুদ্ধ ছিলো ভিনদেশের মাটিতে, সে যুদ্ধ ছিলো স্বাধীন বাংলাদেশের জন্য", বলেন তিনি।
মুহিতের স্মৃতিচারণে আসে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নামও। ১৯৭২ সালে চট্টগ্রাম থেকে সিলেট ফেরার পথে জিয়ার সঙ্গে দেখা হওয়ার স্মৃতি তুলে ধরে মুহিত বলেন, "আমি তাকে বলেছিলাম, আপনি এক জন বীর যোদ্ধা।
"তখন তিনি এর জবাব দিয়েছিলেন এভাবে- 'আমরা এখানে যুদ্ধ করেছি ঠিক, কিন্তু বিদেশের মাটিতে থেকে আপনাদের লড়াইও কম বীরত্বের নয়'। বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশে আমাদের সাহসী ভূমিকা তাকে (জিয়া) প্রেরণা জুগিয়েছিলো বলে জানিয়েছিলেন তিনি।"
মুক্তিযুদ্ধের সময় প্রবাসে সহায়তা পাওয়ার কথা বলতে গিয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ফিরোজ নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর কথা তুলে ধরেন মুহিত।
তিনি বলেন, "একাত্তরের এপ্রিলে তার সঙ্গে যোগাযোগ হয়। যুদ্ধে প্রচারের গুরুত্ব বুঝতে পেরেছিলো সে। জানালো, রেডিও স্টেশনের যন্ত্রপাতি সে দিতে পারবে।"
"যন্ত্রপাতি জোগাড় করে জুন মাসে আমাদের কাছে তা তুলে দিলো সে। তা দেশে পাঠাতে তিন দিনে আমরা গাড়িতে করে সেগুলো এয়ারপোর্টে নিয়ে গেলাম", বলেন মুহিত।
এসব যন্ত্রপাতির ব্যয় মেটাতে স্থপতি ফজলুর রহমানসহ প্রবাসী বাঙালিদের অনেকেই এগিয়ে এসেছিলো বলে তিনি জানান। এ অবদানের কথা জানানোর সঙ্গে হুমায়ুন খান পন্নীর মতো বাঙালিদের পাকিস্তানপ্রীতির কথাও তুলে ধরেন মুহিত।
হুমায়ুন খান পন্নী অষ্টম জাতীয় সংসদে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ডেপুটি স্পিকারও হয়েছিলেন। স্ব
মুহিত বলেন, "ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের গুটিকয়েক জনই পাকিস্তানের প্রতি আনুগত্য ধরে রেখেছিলো, হুমায়ুন খান তাদেরই একজন। পাকিস্তান থেকে পেনশনও নিয়েছিলেন তিনি। আমার বাসায় মাঝে-মধ্যে তিনি আসতেন। আমি তাকে বলতাম, কত টাকা পেনশন পাচ্ছেন।"
স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকাও উঠে আসে তখনকার কূটনীতিক মুহিতের কথায়। বলেন, প্রেসিডেন্ট নিক্সন ও তার মন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলো। তবে ওই সময় যুক্তরাষ্ট্রের সরকারি নীতির বিরোধীই ছিলেন বেশি।
"আমি এটা বলছি না যে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন, তবে তারা সরকারি নীতির বিরোধিতা করছিলেন। চার থেকে পাঁচ জন মাত্র সাংবাদিক তখন যুক্তরাষ্ট্র সরকারের নীতি সমর্থন করেছিলেন, আর সবাই ছিলো বিরুদ্ধে", বলেন মুহিত।
এডওয়ার্ড কেনেডিসহ যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি পরিষদের অনেক সদস্যের বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২০২৫ ঘ.
bdnews24