২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল বাকি মীর্জা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে সিরাজগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনের মত অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল বাকি মীর্জা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে সিরাজগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনের মত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার থেকে চার দিনের এই কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। ডা. বাকি ১৫ এপ্রিল রাতে হাসপাতালে দায়িত্ব পালন শেষে সরকারি ডরমেটরিতে নিজ কক্ষে যান। পর দিন দুপুরে নিজ কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। এসময় ঔষধের দোকানও বন্ধ দেখা যায়। কর্মসূচি চলাকালে চিকিৎসকদের বসে থাকতে দেখা যায়। ঔষধের দোকান বন্ধ থাকায় রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তাদের স্বজনরা। সিরাজগঞ্জ বিএমএ'র সভাপতি ডা. জহুরুল হক রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং খুনীদের গ্রেপ্তার করা না হলে রোববার পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জরুরি বিভাগ কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানান জহুরুল। এদিকে ডা. বাকি হত্যার পর ৮দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করতে পারেনি। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ওয়াসিমা ওরফে এশাকে ৪ দিনের রিমাণ্ড শেষে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সঙ্গে নারীঘটিত ও ঔষধ ব্যবসা সংক্রান্ত দুটি বিষয় জড়িত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২০ ঘ.