২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'লিমনকে সন্ত্রাসী প্রমাণের চেষ্টা চলছে'

র‌্যাবের 'বন্দুকযুদ্ধে' পা হারানো লিমন হোসেনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের 'বন্দুকযুদ্ধে' পা হারানো লিমন হোসেনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিমনের বাবা মো. তোফাজ্জল হোসেন, মা হেনুয়ারা বেগম ও ভাই হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন। ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে র‌্যাবের অভিযানের সময় গুলিবিদ্ধ হন এইচএসসি পরীক্ষার্থী লিমন। তার দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। লিমনের বিরুদ্ধে র‌্যাব দুটি মামলা করেছে, যদিও আগে তার বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। অন্যদিকে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগ এনে র‌্যাবের বিরুদ্ধে মামলা করেছেন হেনুয়ারা। লিমনের তোফাজ্জল হোসেন লিখিত বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনো লিমনকে সন্ত্রাসী প্রমাণের চেষ্টা করছে। গ্রামের যে সব মানুষ লিমনের পক্ষে কথা বলেছে, তাদেরকে র‌্যাবের সোর্স হুমকি দিচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গত সপ্তাহে সাংকাদিকদের জানান, লিমনের ঘটনা তদন্তে পাঁচটি কমিটি কাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি দোষি প্রমাণিত হয় তাহলে তাদের শাস্তি পেতে হবে বলেও জানান তিনি। লিমনের বাবা দাবি করেন, গঠিত পাঁচটি কমিটির মধ্যে মাত্র একটি সরেজমিনে তদন্ত করেছে। তিনি বলেন, "ওই কমিটি আমাদের জমাদ্দারহাটে গ্রাম থেকে ৫-৬ কিলোমিটার দূরের মানুষদের লিমনের বিষয়ে জিজ্ঞাসা করেছে।" গত ১০ এপ্রিল র‌্যাবের বিরুদ্ধে করা হত্যাচেষ্টা মামলাটি এখনো থানায় নথিভুক্ত হয়নি জানিয়ে তোফাজ্জল বলেন, "এ মামলাটি থানায় গ্রহণ করা হোক এবং লিমনের বিরুদ্ধে র‌্যাব যে দুটি মিথ্যা মামলা করেছে তা প্রত্যাহার করা হোক।" ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের শাস্তি দাবি করেন তিনি। লিমনের মা হেনুয়ারা বলেন, "যেহেতু লিমন একটি রাষ্ট্রীয় বাহিনীর কারণে পঙ্গু হয়েছেন, তাই লিমনে সমস্ত দায়-দায়িত্ব সরকারকে নেওয়ার আবেদন জানাই।" লিমনের ঘটনার পর তার বড় ভাই সুমন ও বোন লাকীর পড়াশুনা বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, এ রকম পরিস্থিতিতে তারা কীভাবে পড়াশোনা করবে? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এমআই/১৩৫৫ ঘ.


এ সম্পর্কিত আরো খবর