চাঁদপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহবধূকে উত্ত্যক্ত করায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আয়াতুল ইসলাম এ সাজা দেন।
দণ্ডিত রেদোয়ান হোসেন পাটোয়ারী (৩৩) শাহরাস্তির ছেঙ্গাতলী বাজারের বাসিন্দা।
শাহরাস্তি থানার ওসি মো. জামাল হোসেন চৌধুরী জানান, দুপুরে ওই গৃহবধূ বাবার বাড়ি হাজীগঞ্জ থেকে শাহরাস্তিতে স্বামীর বাড়ি যাচ্ছিলেন।
শাহরাস্তির ছেঙ্গাতলী বাজাওে পৌঁছলে রেদোয়ান তার প্রতি অশালীন আচরণ করে। ঘটনাটি আশপাশের লোকজন দেখার পর রেদোয়ানকে আটক করে পুলিশে দেয়।
পরে থানায় ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24