সিরাজগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ট্রাক ও রেকারের (টো ট্রাক) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার রাত ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল সড়কের নাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে রেকারটি নাটোরে যাচ্ছিলো। পথে ট্রাকের সাথে রেকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় রেকারের চালক ফাহিম উদ্দিন (৩২) এবং আরোহী লিটন মিয়া (৩০) ও মাহবুব আলম (৩২) ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া ট্রাকের আরোহী আলমকে (২৮) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, নিহতরা লক্ষীপুর জেলার রামগাতী থানার চর আমলকী গ্রামের বাসিন্দা। তাদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪০৯ ঘ.
bdnews24