ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার বজায় রেখেই সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, 'সেফ হোম' কোনো টর্চার সেল নয়।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'মুজিবনগর সরকার, স্বাধীনতা সংগ্রাম: সমকালীন প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, "মানবিক আচরণের মাধ্যমে সম্পূর্ণ মানবাধিকার বজায় রেখেই সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে।"
এর আগে বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুদ্ধাপরাধীদের জিজ্ঞাসাবাদের জন্য ঘোষিত সেফ হোমকে 'টর্চার সেল' হিসাবে অভিহিত করেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই বিএনপি সেফ হোম নিয়ে বিতর্ক ছড়াচ্ছে অভিযোগ করে আইন প্রতিমন্ত্রী বলেন, "যারা যুদ্ধাপরাধী ও সম্পদ লুটকারীদের পক্ষে কথা বলেন তারা বিশ্ব বেহায়া।"
আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ওই সভায় কামরুল ইসলাম আরো বলেন, মুজিবনগর সরকার নিয়ে যারা সমালোচনা করেন তারা 'জ্ঞান পাপী'। জিয়াউর রহমান ওই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর মামলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "বিশেষ কারো মামলা নয়, সব মামলাই আমরা দ্রুত নিষ্পত্তি করতে চাই।"
তিনি বলেন, "কোকো-তারেক ভালো মানুষ হলে কেন আদালতে আসে না?"
নারী নীতি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে বিএনপিই ফজলুল হক আমিনীকে মাঠে নামিয়েছে দাবি করে কামরুল বলেন, "বিএনপি শেল্টার তুলে নিলেই আমিনীর পায়ের নিচে কোনো মাটি নেই।"
স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করীম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আজম খান, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/জেকে/১৬৩১ ঘ.
bdnews24