ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু উত্তরাধিকার আইন দ্রুত সংশোধনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী আইনজীবী।
সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী নারী আইনজীবীর উদ্যোগে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভায় এ দাবি জানানো হয়।
সভা পরিচালনাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী চিত্রা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের জন্য এর আগে বিভিন্ন নারী সংগঠন ও মানবাধিকার প্রতিষ্ঠানের পক্ষ থেকে মত মতবিনিময় সভার আয়োজন করা হলেও এই প্রথম হিন্দু ধর্মাবলম্বীরা (সনাতন ধর্মাবলম্বী) নিজেদের উদ্যোগে এ রকম একটি সভায় মিলিত হলেন এবং আইন সংশোধনের পক্ষে মত দিলেন।
এক প্রশ্নের জবাবে চিত্রা বলেন, হিন্দুদের বিয়ে নিবন্ধনের ব্যাপারে তাদের কোনো বক্তব্য অথবা দাবি নেই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিথীকা মুখার্জী।
অ্যাডভোকেট রুনু চন্দ বলেন, আমরা হিন্দুদের ব্যক্তিগত আইন বিশেষ করে উত্তরাধিকার আইনের পরিবর্তন চাই। এ পরিবর্তনের মধ্য দিয়ে ঠিকানাবিহীন আমরা হিন্দু নারীরা ঠিকানা খুঁজতে চাই।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন সত্যবতী রায়, ভানু রায়, মিনু রানী রায়, শিখা বিশ্বাস যুথী, শিল্পী নাগ, শিউলী রানী, রীতা রানী মজুমদার, প্রার্থনা রানী বিশ্বাস, রীতা বর্মন প্রমুখ আইনজীবী।
আগামীতে উত্তরাধিকার আইন সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেন তারা।
গত বছর সনাতন ধর্মাবলম্বী আইনজীবীদের সঙ্গে হিন্দু আইন সংশোধন বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ একটি মত বিনিময় সভা করে। সেখানে হিন্দু ধর্মাবলম্বী বিশেষত পুরুষ আইনজীবীরা আইন সংশোধনের বিরুদ্ধে মত দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৪০ ঘ.
bdnews24