ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ন'টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত এসব বেঞ্চ আগামী রোববার থেকে তাদের কার্যক্রম শুরু করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চ দেওয়ানী মোশন, প্রথম আপিল ও প্রথম আপিল প্রবেট এবং দেউলিয়া বিষয়ক মোকাদ্দমার শুনানি করবে।
বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চকে ফৌজদারি মোশন ও ফৌজদারি আপিলের আবেদন সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন, জনস্বার্থমূলক, রাজউক, লিজ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংক্রান্ত রিটের নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয় বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চকে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ভ্যাট, কাস্টমস ও দেউলিয়া বিষয়ক মোকদ্দমার শুনানি করবে।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চকে ফৌজদারি আপিল ও জেল আপিল নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়।
বিচারপতি মামনুন রহমান কোম্পানী আইন, উত্তরাধিকার আইন, বিবাহ বিচ্ছেদ আইন ও ট্রেডমার্ক আইন সংক্রান্ত বিষয়াদি শুনবেন।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ফৌজদারি মোশন, ফৌজাদরি রিভিশন ও রেফারেন্স এবং মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ রেফারেন্স সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি করবে।
বিচারপতি মোহাম্মাদ বজলুর রহমান সহকারি জজদের ডিক্রি আদেশ, অন্যদের অনুর্ধ্ব চার লাখ টাকার ডিক্রি আদেশ এবং দেওয়ানি রিভিশন মোকাদ্দমা শুনবেন।
বিচারপতি এম এনায়েতুর রহিমকে দেওয়ানি মঞ্জুরিকৃত আপিল নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২০০৩ ঘ.
bdnews24