২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২ দিনে দুর্ঘটনায় নিহত ৫

রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। কাকরাইল মসজিদের সামনে রাস্তা পুলিশ থেকে উজ্জ্বল বিশ্বাস (২৬) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে সকাল ৭টার দিকে তিনি মারা যান। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়হান নামে এক বন্ধুর সঙ্গে নারায়ণগঞ্জ থেকে মোটর সাইকেলে করে ঢাকার এলিফেন্ট রোডের বাসায় ফেরার পাথে গাড়ির ধাক্কায় আহত হন উজ্জ্বল। "বন্ধু রায়হান আহত অবস্থায় হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন।" এদিকে শ্যামপুরের জুরাইন রেলগেটের সামনের রাস্তায় সকাল ৭টার দিকে গাড়ির ধাক্কায় রনি (১০) নামে এক পথশিশু নিহত হয় বলে জানান ওই থানার ওসি মিয়া কুতুবুর রহমান। বুধবার রাত ২টার দিকে জাকির হোসেন (২১) নামে এক ভ্যানচালক বিমানবন্দর এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় মারা যান। ওই থানার উপ-পরিদর্শক ফরিজ উদ্দিন জানান, ভ্যান গাড়িতে জাকিরের ভাই রিয়াজও ছিল। সেও আহত হয়। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মিরপুর-১৪ নম্বরের কাছাকাছি শাহনাজ বেগম (২৫) নামে এক তরুণী বুধবার রাত সাড়ে ১১টার দিকে গাড়ির ধাক্কায় নিহত হন। বংশালের নাজিরা বাজারে আবুল কালাম (২৫) নামে এক দোকান কর্মচারী বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন বলে পুলিশ জানায়। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯৪১ ঘ.