ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহম মুস্তফা কামালকে (লোটাস কামাল) তলব এবং তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বিসিবি সভাপতিকে বারবার উপস্থিত থাকার কথা বলা হলেও ঠুনকো সমস্যার কথা বলে তিনি বৈঠকে আসেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি- আগামী বৈঠকে (৫ মে) স্থায়ী কমিটির পক্ষ থেকে তাকে তলব করা হবে।
"কমিটির বৈঠকে উপস্থিত হওয়ার জন্য তলব করে স্থায়ী কমিটির চিঠি পৌঁছে যাবে।""
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি লোটাস কামাল বলা সত্ত্বেও এ পর্যন্ত পাঁচটি বৈঠকে আসেননি বলে জানান রাসেল। সর্বশেষ বৃহস্পতিবারের বৈঠকে বিসিবি সভাপতির পক্ষে বৈঠকে এক কর্মকর্তাকে পাঠানো হয়।
বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন রাসেল।
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর সহ-আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের ব্যবস্থাপনার সার্বিক মূল্যায়ন নিয়ে বৈঠকে আলোচনা হয় জানিয়ে রাসেল বলেন, বারবার বিসিবি সভাপতি ক্রীড়া প্রতিমন্ত্রীকে হেয় করে বক্তব্য দিচ্ছেন। উনার অনুপস্থিতি ও প্রতিমন্ত্রীকে হেয় করার বিষয়ে প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে জানানোর জন্য বৈঠকে আলোচনা হয়েছে।
দেশের স্বার্থে বিসিবিকে আরো সংযত ও দায়িত্বশীল আচরণ করার সুপারিশ করা হয় বৈঠকে।
বাংলাদেশের খেলোয়াড়দের ওপর নজরদারি ছিল না বলে মনে করে স্থায়ী কমিটি।
জাহিদ আহসান রাসেল বলেন, বিশ্বকাপের দুটি ম্যাচে বাংলাদেশ দলের বাজে পারফর্মেন্স নিয়ে আলোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগের দিন ক্রিকেটাররা গভীর রাত পর্যন্ত কনসার্ট দেখেছে। আর দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে তারা উত্তরার একটি দোকানে কাবাব খাওয়ার দাওয়াতে অংশ নেন। আর ওই কাবার খেয়ে খেলার আগের দিন রাত থেকেই তারা পেটের পীড়ায় ভুগছিলেন।
"এসব বিষয়ে বিসিবির নজরদারি কতটুকু ছিলো তাও জানা দরকার। সব কিছুর খোঁজ নেওয়া হবে"
টিকিটের আয়-ব্যয় তদন্ত করতে চায় কমিটি
বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রিতে অনিয়মের কথা উল্লেখ করে এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থায়ী কমিটি। বিশ্বকাপে নিুমানের উপহার সামগ্রী দেওয়ায় সমালোচনা করা হয়।
কমিটির সভাপতি জাহিদ আহসান বলেন, আগামী ৫ মে'র বৈঠকে বিসিবি কত আয়-ব্যয় করেছে তা জানতে চাওয়া হবে। প্রেসিডেন্ট বক্সের টিকিট কিভাবে কালোবাজারে গেল তাও জানাতে হবে।
"পুরো বিশ্বকাপ আয়োজনের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। কিন্তু বিসিবি জানিয়েছে, তারা আয়-ব্যয়ের হিসাব কমিটির কাছে জানাবে না, আইসিসিকে জানাবে। এটা হতে পারে না। কারণ, দেশের প্রতিটি মানুষের আয়-ব্যয়ের হিসাব জানার অধিকার আছে।"
আগামী বৈঠকে বিশ্বকাপ ক্রিকেটের পুরো হিসাব তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে বলে জানান রাসেল।
বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার, মো. আমজাদ হোসেন, মাহবুব আরা বেগম গিনি, শফিকুল আজম খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স ও মো. কবিরুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২৬ ঘ.
bdnews24