বাগেরহাট, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে স্বামী হত্যার দায়ে মাজেদা বেগম ওরফে কুশি (৩৭) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। মাজেদা বেগম এ মামলায় পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৬ ফেব্র"য়ারি দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের ভ্যান চালক আব্দুল গণি শেখের সঙ্গে (৪০) তার স্ত্রী মাজেদা বেগমের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মাজেদা ক্ষিপ্ত হয়ে গণিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
গণির ছোট ভাই মো. কামাল শেখ ওই রাতেই মাজেদাকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নওয়াব আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহম্মদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৯১২ ঘ.
bdnews24