ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জিরো পয়েন্ট (জিপিও) থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পর্যন্ত উড়ালসড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাব দুই মাসের মধ্যে একনেকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জিরো পয়েন্ট থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পর্যন্ত উড়ালসড়ক নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরি করা হচ্ছে। দুই মাসের মধ্যে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়েছে।
"এ উড়ালসড়ক নির্মাণ হলে দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় প্রবেশকারীরাসহ পুরোনো ঢাকার বাসিন্দারা যানজটের ভয়াবহতা থেকে মুক্ত হবে।"
এছাড়া কমিটির আগামী বৈঠকের আগে রিয়েল এস্টেট ডেভেলপার বিধিমালা-২০১১ চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে। নিু মধ্যবিত্তদের জন্য নির্মিতব্য ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দ নীতিমালার খসড়া আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশও করে কমিটি।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মো. আব্দুছ ছাত্তার, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভূঞা মোহন, কেএম খালিদ ও সাফিয়া খাতুন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৭৫৭ ঘ.
bdnews24