ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নর্দান পাওয়ার সলিউশন লিমিটেডের ১৭৫ কোটি টাকার কনভার্টিবল বন্ড অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বৃহস্পতিবার সকালে এসইসির সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান।
তিনি বলেন, নর্দান পাওয়ার ১ হাজার টাকা মূল্যমানের ১৭ লাখ ৫০ হাজার বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।
বার্ষিক ১৮ শতাংশ সুদে ছয় মাসের অবকাশকালীন সময়সহ এই বন্ডের মেয়াদ হবে সাড়ে চার বছর। প্রতিবছর ২৫ শতাংশ করে অর্থ বন্ড মালিককে ফেরত দেওয়া হবে (রিডেনশন)। তবে প্রতিষ্ঠানটি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই শর্তহীনভাবে রিডেনশন সম্পন্ন করতে পারবে।
বন্ডের ৫০ শতাংশ পরবর্তী কোনো এক সময়ে আইপিওর মাধ্যমে সাধারণ শেয়ারে রূপান্তরিত করা যাবে। তবে প্রতিষ্ঠানটি আইপিওতে না গেলে পুরো মূল্য নগদ টাকায় পরিশোধ করতে হবে।
ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই বন্ড কিনতে পারবেন। কেবল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছেই এটি হস্তান্তর করা যাবে।
একটি কোম্পানি বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পর নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সুদসহ সেই অর্থ বন্ড মালিকদের ফেরত দিতে হয়। তবে কনভার্টিবল বন্ডের ক্ষেত্রে ওই অর্থ নগদে পরিশোধ না করে শেয়ারের মাধ্যমেও পরিশোধ করা যায়।
নিয়ম অনুযায়ী, ৫০ কোটি টাকার বেশি পরিশোধিত মূলধন থাকলে একটি কোম্পানিকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে হয়। অথচ বন্ডের আবেদনপত্রে নর্দান পাওয়ারের পরিশোধিত মূলধন দেখানো হয়েছে ৯১ কোটি টাকা। এ কারণে প্রতিষ্ঠানটি বন্ড অনুমোদনের আবেদন করার পরপরই এ নিয়ে প্রশ্ন ওঠে।
নর্দান পাওয়ার সলিউশন লিমিটেডের এই বন্ডের আবেদন এর আগে গত ৬ এপ্রিল এইসির বৈঠকে তোলা হলেও তখন এর অনুমোদন স্থগিত রাখা হয়। এইসির পক্ষ থেকে বলা হয়, এই বন্ডের অনুমোদন পেতে নর্দান পাওয়ারকে আরো তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।
বৃহস্পতিবার এসইসির সভায় বন্ডটি অনুমোদন দেওয়ার পর পরিশোধিত মূলধনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নাই।"
রাজশাহীর কাটাখালিতে ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে নর্দান পাওয়ার সলিউশন লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৭১৯ ঘ.
bdnews24