জয়পুরহাট, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাল বেতনে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে জয়পুরহাটে নারী ও শিশুসহ ১৭ জনকে উদ্ধার এবং এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বৃস্পতিবার বেলা ১১টার দিকে আটাপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এ সময় হোসেন আলী (৩৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়। হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার সাদেক আলীর ছেলে।
উদ্ধারকৃতরা জানায়, ভারতের দিল্লীতে ভাল বেতনে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কক্সবাজারের উখিয়া থেকে বুধবার রাতে জয়পুরহাটে নিয়ে আসা হয়।
উদ্ধারকৃতরা হলেন রশিদুল্লাহ মিয়া (৩৫), আব্দুল হাকিম (৩১), জাকির হোসেন (২৮), ইউনুস আলী (৩২), নুরজাহান বেগম (১৯), ফাতেমা বেগম (১৯), লতিফা বেগম (২০), পারভীন আখতার (২১), হাসিনা খাতুন (২২), আনিছুর রহমান (২৫), আমিরা খাতুন (১৩), মজিনা খাতুন (১২), আনারকলি (১৩), জোবায়ের হোসেন (১৪), জোহার হোসেন (১৫), রফিকুল ইসলাম রফিক (১৫) ও সেলিম মিয়া ওরফে সলিম (১৪)। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) গোয়েন্দা কর্মকর্তা মেজর জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৫ জন নারী ও ৮ জন শিশুসহ ১৭ জনকে বেলা ১১টার দিকে আটাপাড়া সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় পাচারকারী হোসেনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৫৭ ঘ.
bdnews24