ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতিকে 'চান্স মোহাম্মদ' বলে আখ্যায়িত করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে করা আরেকটি মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এজিএম আল মাসুদ জামিনের এ আদেশ দেন।
একই মামলায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও প্রকাশক শামসুল হুদাকেও জামিন দিয়েছে আদালত।
তারা তিন জনই জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হন।
গত ৩ মার্চ বাংলাদেশ ফিৎনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুস সাত্তার এ মামলাটি করেন।
'চান্স এডিটর নয়, চান্স চিফ এডভাইজর' শিরোনামে নয়াদিগন্তে ২৫ ফেব্র"য়ারি প্রকাশিত একটি কলামে প্রধান বিচারপতিকে 'চান্স মোহাম্মদ' বলে উল্লেখ করেন যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, শফিক রেহমান ওই কলামে প্রধান বিচারপতিকে 'চান্স মোহাম্মদ' বলে অভিহিত করে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।
এছাড়া প্রধান বিচারপতি সম্পর্কে এ ধরনের মন্তব্য করে বিচার বিভাগকে অবমাননা করা হয়েছে বলেও বাদির অভিযোগ।
মামলাটিতে মানহানির ধারার সঙ্গে ধর্মীয় অনুভূতির আঘাতের ধারা যুক্ত করা হলেও বিচারক তা আমলে নেওয়ার সময় ধর্মীয় অনুভূতি আঘাতের ধারাগুলো বাদ দিয়েছিলেন।
এর আগে বুধবার একই অভিযোগে জাতীয় কোরআন শিক্ষা মিশনের সভাপতি ও আওয়ামী ওলামা লীগের জ্যৈষ্ঠ সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকর দায়ের করা মামলায় জামিন নিয়েছিলেন শফিক রেহমানসহ অন্য দুই জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২২০ ঘ.
bdnews24