ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেতে বিএনপির সাবেক সংসদ সদস্য পিন্টুর আবেদনে সরকারের সায় মিলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পিন্টুর আবেদন মঞ্জুর করায় তিনি প্রয়াত বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারবেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুখসানা হাসিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বাবার জানাজা ও দাফনের পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে তাকে কারাগারে ফিরতে হবে।
বিডিআর বিদ্রোহ মামলাসহ কয়েকটি মামলার আসামি পিন্টু ২০০৯ সালের ১১ জুন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন।
মন্ত্রণালয়ের আদেশ বেলা পৌনে ১২টার দিকে কারাগারে পৌঁছেছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের উদ্ধৃতি দিয়ে কারা কর্মকর্তারা জানিয়েছেন, পিন্টুকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
পিন্টুর বাবা মোহাম্মদ নিজামউদ্দিন বুধবার মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.
bdnews24