২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে চায়: খালেদা

সরকার নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে চায় বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে চায় বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বুধবার রাতে ঢাকায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। খালেদা বলেন, "তারা (সরকার) সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করবে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। সংবিধান নিয়ে খেলা চলছে। দেশে কোনো সংবিধান নেই। ফলে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়েছে।" তিনি এও দাবি করেন যে, দেশে কোনো গণতন্ত্র নেই। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। খালেদা জিয়া আবারো সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে 'দলীয়করণের' অভিযোগ এনে বলেন, দলীয় বিচারক নিয়োগ করে ন্যায়বিচারের পথ রুদ্ধ করা হয়েছে। প্রধান বিচারপতিসহ বিচারকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। কারাবন্দি দলীয় সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অসুস্থতা ও এ ক্ষেত্রে আদালতের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন। যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন নয় দাবি করে খালেদা জিয়া বলেন, "এটি একটি দলীয় ট্রাইব্যুনাল। এর বিচারক ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন। যুদ্ধাপরাধের বিচার করতে হলে সরকার দলীয় চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। তা নাহলে এই বিচার হবে প্রহসনমূলক।'' শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে সরকার দলীয় লোকজন জড়িত অভিযোগ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এজন্যই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। তারা ৩৩ লাখ মানুষের অর্থ লুট করে সর্বশান্ত করেছে। কতো টাকা তাদের প্রয়োজন? টাকা বানাচ্ছে আর বিদেশে পাচার করছে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সরকারের কথিত নির্যাতন ও তার 'সাহসী লেখনীর' প্রশংসা করেন তিনি। বিএফইউজে'র সভাপতি রহুল আমিন গাজীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব শওকত মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা রহুল আলম চৌধুরী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএফইউজে'র সহসভাপতি নরুল আমিন রোকন, ইস্কান্দার আলী চৌধুরী, সহকারি মহাসচিব এম আবদুল্লাহ, মোস্তফা নঈম, মির্জা সেলিম রেজা, কোষাধ্যক্ষ মোদাব্বের হোসেন, শাহ নেওয়াজ, সরদার আনিসুর রহমান, আনিসুজ্জামান, হাসান আহমেদ মোল্লা, মহিদুল ইসলাম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১৯ ঘ.