২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে অসুস্থ প্রধান বিচারপতি হাসপাতালে

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বুধবার খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

খুলনা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বুধবার খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ডের সমন্বয়কারী ডা. এস এম কামরুল হক জানান, সুন্দরবনের করমজল এলাকা পরিদর্শনে গিয়ে প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে পড়েন প্রধান বিচারপতি। এ অবস্থায় তাকে দ্রুত মংলা বন্দর হাসপাতালে নিয়ে ইসিজি করা হয়। পরে তাকে শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি করে মেডিকেল বোর্ড গঠন করা হয়। কামরুল হক বলেন, "বোর্ডের চিকিৎসকরা প্রধান বিচারপতিকে পরীক্ষা করে দেখেছেন। তিনি এখন বিপদমুক্ত। তাকে ভিআইপি কেবিনে রাখা হয়েছে।" বিচারপতি এ বি এম খায়রুল হক ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন বলেও ডা. হক জানান। ডা. মিজানুর রহমানকে (কার্ডিওলজি এন্ড মেডিসিন) প্রধান করে গঠিত মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- ডা. মাহবুবুল হক (মেডিসিন), ডা. বিশ্বজিৎ বসু (কার্ডিওলজি), ডা. মো. রুহুল কুদ্দুস (নেফ্রলজি এন্ড মেডিসিন), ডা. অতিন কুমার সাহা (নেফ্রলজি) ও ডা. মনোরঞ্জন মণ্ডল (অ্যানেসথেশিয়া)। খুলনা জেলা আইনজীবী সমিতির একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার খুলনায় আসেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। চিকিৎসকরা আশা করছেন, বৃহস্পতিবার হাসপাতাল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবে তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২২৬ ঘ.