২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেক পাম্পেই বসেনি জেনারেটর

বিদ্যুৎ সমস্যার কারণে যেন পানি উত্তোলন ব্যাহত না হয়, সে জন্য রাজধানীর ৫৭৭টি পাম্প স্টেশনে জেনারেটর বসানোর সিদ্ধান্ত নিয়েও লোডশেডিংয়ের 'মৌসুম' শুরু হওয়ার পর এ পর্যন্ত ২৩৩টি জেনারেটর বসাতে পেরেছে ঢাকা ওয়াসা। আমিনূর রহমান রাসেলের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ের সময় পানি উত্তোলন অব্যাহত রাখতে ঢাকা ওয়াসা ৫৭৭টি পাম্প স্টেশনে (গভীর নলকূপ) স্থায়ী জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত নিলেও অর্ধেকেরও বেশি স্টেশনে তা স্থাপন করতে পারেনি। ফলে লোডশেডিং তীব্র হলে পানি উত্তোলন ব্যাহত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে, যাতে নগরবাসীর দুর্ভোগ আরো বাড়বে। গত জানুয়ারি মাসে এক সংবাদ সম্মেলনে ওয়াসার পক্ষ থেকে বলা হয়েছিলো, পর্যায়ক্রমে সব পাম্পে স্থায়ী জেনারেটর বসানো হবে। গত রোববার ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত ২৩৩টি পাম্প স্টেশনে স্থায়ী জেনারেটর স্থাপন করা হয়েছে। চলতি শুষ্ক মৌসুমে (মধ্য মার্চ- মধ্য জুন পর্যন্ত) রাজধানীতে এখনো পানির সঙ্কট বেশি না হলেও লোডশেডিং বাড়লেই সঙ্কট বড় হয়ে দেখা দেবে। বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ৫ হাজার মেগাওয়াট। ঘাটতির পরিমাণ ১ হাজার ৫০০ মেগাওয়াট। ওয়াসা কর্মকর্তা লিয়াকত বলেন, যে সব পাম্প স্টেশনে স্থায়ী জেনারেটর স্থাপন করা হয়নি, সেগুলোর জন্য বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এজন্য বিকল্প ফিডার থেকে সংযোগ নেওয়া হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাম্প স্টেশনের কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিকল্প ফিডার থেকে সংযোগ নেওয়া হলেও লোডশেডিং শুরু হলে প্রায়ই উভয় ফিডারের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। তাই লোডশেডিংয়ের সময় পানি উত্তোলন সম্ভব হয় না। অর্থ ছাড়ে দেরি হওয়ায় জেনারেটর কিনতে দেরি হয়েছে জানিয়ে লিয়াকত বলেন, আগামী মাসের মধ্যে ৭০টি নতুন জেনারেটর কেনা হচ্ছে। অর্থ বরাদ্দ পেলে বাাকিগুলোও পর্যায়ক্রমে কেনা হবে। চলতি শুষ্ক মৌসুমে রাজধানীতে পানির সঙ্কট সমাধানে জরুরি ব্যবহারের জন্য ৬০টি ভ্রাম্যমাণ (মোবাইল) জেনারেটর রয়েছে বলে জানান তিনি। এছাড়া জরুরি অবস্থা মোকাবেলায় ৩৬টি পানির গাড়ি, ১৬টি ট্রাক্টর এবং ২৮টি ট্রলি প্রস্তুত রেখেছে ওয়াসা। শুষ্ক মৌসুমে পানি সরবরাহের ঘাটতির কারণ হিসেবে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, "ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এছাড়া শুষ্ক মৌসুমে পানির স্তর বেশি নেমে যাওয়ায় নলকূপগুলো পানি বেশি তুলতে পারে না।" ওয়াসার তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীতে ৫৭৭টি গভীর নলকূপ এবং চারটি পানি শোধনাগারের মাধ্যমে প্রায় ২০৫ কোটি লিটার পানি সরবরাহ করে। তবে চাহিদা ২২০ কোটি লিটার। ওয়াসার সরবরাহ করা পানির ৮৭ শতাংশ পানি ভূ-গর্ভস্থ এবং অবশিষ্ট ১৩ শতাংশ ভূ-পৃষ্ঠের উৎস থেকে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৯৩০ ঘ.