২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজ মার্কেটের দোকানিকে ঢাবিছাত্রদের মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের ছাত্রলীগকর্মীরা শাহবাগে আজিজ সুপার মার্কেটের এক দোকানিকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের ছাত্রলীগকর্মীরা শাহবাগে আজিজ সুপার মার্কেটের এক দোকানিকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আজম মুন্নার কর্মীরা মার্কেটের তৃতীয় তলার তৈরি পোশাকের দোকান সারাবেলা'র দোকানি রাজুকে মারধর করে। পরে তারা ওই দোকানটি ভাংচুর করে। এর প্রতিবাদে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কাটাবন-শাহবাগ রাস্তা অবরোধ করে রাখে। সারাবেলার তত্ত্বাবধায়ক সাদিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারদিন আগে এক ছাত্র আমাদের দোকান থেকে একটি টি-শার্ট কেনে। আজ (বুধবার) দুপুরে তিনি টি-শার্টটি ফেরত দিয়ে টাকা চান। টাকা ফেরত না দিয়ে টি-শার্ট পরিবর্তন করে দেওয়ার কথা বললে তর্কাতর্কির এক পর্যায়ে ওই ছাত্রটি ফোনে হলের অন্য ছাত্রদের আসতে খবর দেয়।" "এর আধঘন্টা পর ২৫-৩০ জন ছাত্র এসে রাজুকে মারধর করে। এবং আমাদের দোকানে ভাংচুর চালায়।" হল শাখা ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাণীবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসুদের সঙ্গে ওই ঘটনার সূত্রপাত। তিনি হল শাখা ছাত্রলীগ সভাপতি মুন্নার অনুসারী। এ বিষয়ে মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কার সাথে কী ঘটনা হয়েছে আমি কিছু জানি না।" এদিকে দোকানদার ও ব্যবসায়ীদের সড়ক অবরোধের ফলে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শাহবাগ থানা পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এ ব্যাপারে আজিজ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে গত ১৩ এপ্রিল বঙ্গবন্ধু হলের ছাত্ররা সিঁড়ি নামের একটি দোকান ভাংচুর করেছে। আর আজ শহীদুল্লাহ হলের ছাত্ররা একটি দোকান ভাংচুর করেছে এবং দোকানদারকে মারধর করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৮৩৯ ঘ.