ঠাকুরগাঁও, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাড়ির গেটের ছাদ ধসে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৪ শিশু আহত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত স্কুল ছাত্রী সালমা (১০) বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
নন্দুয়ার ইউপি চেয়ারম্যান এখলাসুর রহমান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে সালমা ও তার সঙ্গী জিসা, মিস্টি, নাবিলা ও নিশাদ বাড়ির গেটের ছাদে উঠে খেলছিলো। হঠাৎ ছাদ ধসে পড়লে ঘটনাস্থলেই সালমা নিহত হয়।
আহত ৪ শিশুকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
লিটন জানান, বুধবার সকালে আশংকাজনক অবস্থায় জিসাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬০০ ঘ.
bdnews24