২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে আটকে গেলো মার্কিন সমর সরঞ্জাম

অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ঢোকার সময় বিমানবন্দরে সমস্যায় পড়লেন প্রশিক্ষণ দিতে আসা যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। শুল্ক বিভাগ প্রথমে তা আটকে দিলেও পরে অবশ্য সেগুলো ছেড়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ঢোকার সময় বিমানবন্দরে সমস্যায় পড়লেন প্রশিক্ষণ দিতে আসা যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। শুল্ক বিভাগ প্রথমে তা আটকে দিলেও পরে অবশ্য সেগুলো ছেড়ে দেয়। বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে আসা এসব সৈন্যরা প্রায় ২০ ঘণ্টা পর অস্ত্র ও সরঞ্জামগুলো পায়। শাহজালাল বিমানবন্দর শুল্ক কমিশনার মাসুদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যারা এ সেনাবাহিনীর প্রশিক্ষণের এ বিষয়টি দেখভাল করেছে, তারা কাস্টমস আইন সম্পর্কে না জানায় এ জটিলতা দেখা দিয়েছিলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র আনার পর বুধবার দুপুর ১টায় অস্ত্র ও সমর সরঞ্জাম ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান। অস্ত্র ও সরঞ্জামগুলো আটকে পড়েছিলো মঙ্গলবার সন্ধ্যায়। বিমান বন্দরের শুল্ক কর্মকর্তারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানে করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যরা আসেন। তাদের সঙ্গে ছিলো বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য আনা অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম। যা তারা প্রশিক্ষণের পর ফিরিয়ে নেবে। শুল্ক কর্তৃপক্ষ সেনা সদস্যদের ঢোকার অনুমতি দিলেও অস্ত্র- সরঞ্জাম ঢোকার অনুমতি দেয়নি। শুল্ক কর্মকর্তা মাসুদ সাদিক বলেন, এ সব অস্ত্র বাংলাদেশে ঢোকার বিষয়ে কোনো অনুমতিপত্র দেখানো হয়নি। সে জন্য আটকে দেওয়া হয়েছিলো। "এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর যে সব সদস্য কাজ করেছেন, তাদের বাংলাদেশ কাস্টমস আইন সম্পর্কে পর্যাপ্ত তথ্য ছিলো না। আইন বোঝানোর পর তারা বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে আসে।" সেনাবাহিনীর প্রশিক্ষণে আসা এসব অস্ত্র আটকের বিষয়ে মাসুদ বলেন, "অস্ত্র খুবই স্পর্শকাতর বিষয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে শুল্ক কর্তৃপক্ষকেই পরবর্তীতে এর জন্য জবাব দিতে হতো।" তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী, আর্মর্ড পুলিশ ব্যাটালিয়ন এবং শুল্ক কর্তৃপক্ষ অস্ত্রগুলো রাতভর পাহারা দিয়েছে। এ বিষয়ে যোগোযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফোন করার পরই ঘটনাটি শুনেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫০০ ঘ.